ট্রলারসহ ২০ জনকে আটকের অভিযোগ মিয়ানমারের বিরুদ্ধে


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ০৬:১০ পিএম
ট্রলারসহ ২০ জনকে আটকের অভিযোগ মিয়ানমারের বিরুদ্ধে

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে কক্সবাজারের সেন্টমার্টিনের কাছাকাছি এলাকা থেকে ২০ মাঝিমাল্লাসহ তিনটি ট্রলার নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনী।   

সোমবার (৮ নভেম্বর) বিকালে মাছ ধরা শেষে টেকনাফে ফেরার পথে সেন্টমার্টিনের কাছাকাছি এলাকা থেকে তাদেরকে নিয়ে যায় বলে অভিযোগ ট্রলার মালিকদের।

মঙ্গলবার (৯ নভেম্বর) পর্যন্ত ট্রলারসহ ওই মাঝিমাল্লাদের ছেড়ে দেওয়া হয়নি বলে জানা গেছে।

ট্রলার মালিকরা জানান, দুই দিন আগে টেকনাফের সৈয়দ বলি, মো. সালমান ও বদি আলম বদিয়ার মালিকাধীন ট্রলারগুলো সাগরে মাছ ধরতে যায়। বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে সেন্টমার্টিনের কাছাকাছি থেকে মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা ছোট ট্রলারে এসে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ট্রলারসহ ধরে নিয়ে যান। তিনটি ট্রলারে ২০ জনের বেশি মাঝিমাল্লা রয়েছেন।

টেকনাফ বোট মালিক সমিতির সভাপতি আবদুল জলিল জানান, বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে তাদের ঘাটের তিনটি ট্রলার মিয়ানমার নৌবাহিনী ধরে নিয়ে গেছে। এখনো ট্রলারগুলোর কোনো খোঁজখবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, মাঝিমাল্লাসহ ট্রলারগুলো নিয়ে যাওয়ার খবর শুনেছি । বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে ট্রলার মালিক কর্তৃপক্ষ যোগাযোগ করেনি বলে জানান তিনি।

এ বিষয়ে টেকনাফ ২ (বিজিবি) ব্যাটালিয়নের উপ-পরিচালক লেফটেন্যান্ট এম মুহতাসিম বিল্লাহ শাকিল বলেন, “ট্রলারসহ মাঝিমাল্লাদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আমাদের কেউ অবহিত করেনি।” 

Link copied!