বান্দরবানে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব কক্ সইচাঃ পোয়েঃ ও লোকসাংস্কৃতিক উৎসব ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ অক্টোবর) বান্দরবান সদর উপজেলা ২ নম্বর কুহালং ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের থোয়াইগ্য পাড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর।
অনুষ্ঠান শুরুতে উৎসব উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়। পরে মারমাদের রকমারি তৈরি পিঠা ও জুমের ব্যবহার যন্ত্রপাতি পরিদর্শন করেন অতিথিরা।
মারমাদের ঐতিহ্য সংস্কৃতি জুমচাষে ব্যবহার ও যন্ত্রপাতি ও পাহাড়ের নানান রকমারি জুমের নতুন ফলমূল সবজি এবং বিভিন্ন ধরনে তৈরি পিঠা কেদ বং, গুং মুহ, মাকরসা কাবাব, ছাই সাবং মুহ ,ছিহ সা মুহ, ক্যাইংদক মুহ, হ্নাইং ব্যইক মুহ, কংঞাংবং, ফাক কদহ মুহসহ প্রায় ৯ ধরনে খাবার প্রদর্শন করা হয়।
এ সময় জেলা পরিষদ সদস্য সিয়ং খুমী সভাপতিত্বে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট উপপরিচালক মংনুচিং, রেড ক্রিসেন্ট সদস্য গাবলিয়ান ত্রিপুরা, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি পাইহ্লা অং, ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কালাম, থোয়াইগ্য পাড়া কারবারী চিংশৈথোয়াই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি এ কে এম জাহাঙ্গীর বলেন, মারমাদের ঐতিহ্যগুলো আজ বিলুপ্তির পথে। সেই ঐতিহ্যগুলো ধরে রাখতে হলে আমাদের নিজেরদের সংস্কৃতিকে আগলে রাখতে হবে। সংস্কৃতি কখনো অন্য সংস্কৃতির সঙ্গে বদল করা যায় না। নিজের সংস্কৃতি নিজেদের কাছে বড়। তাই নিজেদের সংস্কৃতিকে নিজেদের শক্ত করে ধরে রাখতে হবে।
অনুষ্ঠান শেষ পর্যায়ে নৃত্য, অভিনয় ও নাটকের মধ্য দিয়ে মারমাদের জীবনযাপন বৈচিত্র্যময় ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরা হয়।




























