নরসিংদীতে পুলিশের হাত থেকে পালাতে গিয়ে নদীতে ডুবে সুজন দাস (২৭) নামের এক আসামির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে সদর উপজেলার হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সুজন দাস হাজিপুর এলাকার অজিত দাসের ছেলে।
জানা যায়, সুজন দাস তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। মঙ্গলবার নরসিংদী সদর থানা-পুলিশ হাজীপুর এলাকার একটি চানাচুর ফ্যাক্টরি থেকে তাকে গ্রেপ্তার করতে যায়। এ সময় পুলিশ এক হাতে হাতকড়া লাগানোর সময় তিনি পুলিশকে আঘাত করে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দেন। কিন্তু মাঝনদীতে গিয়ে আটকা পড়েন তিনি। পরে পুলিশ নদী থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, হাড়িধোয়া নদী থেকে সুজন দাস নামের এক আসামিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে আছে।



































