তাসকিন আহমেদ আর হাসান মাহমুদের পেস আক্রমণে সিলেট টেস্টের প্রথম দিনের সকালটা বাংলাদেশের। স্কোরবোর্ডে ২৭ রান যোগ হতেই অতিথিরা হারিয়েছে ৩ উইকেট। প্রথম সেশনের শেষটা অবশ্য ভালোই করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রতিরোধ গড়ে তারা লাঞ্চে গেছে ৩ উইকেটে ৮৬ রান নিয়ে।
ম্যাচের দ্বিতীয় ওভারেই জশুয়া ডি সিলভার ক্যাচ ফেলেছিলেন সাদমান ইসলাম। তবে জশুয়াকে আজ বিপজ্জনক হয়ে উঠতে দেননি তাসকিন আহমেদ। পঞ্চম ওভারে তাসকিনই শুরুটা করেন। তার ফুল লেংথ ডেলিভারির লাইন মিস করে বোল্ড হয়ে যান ব্রেন্ডন কিং (৯)। উপড়ে যায় দুটি স্টাম্প!
পরের ওভারেই হাসান মাহমুদের অফ স্টাম্পের বাইরে করা ব্যাক অব লেংথের বলে স্টাম্প উড়ে যায় কাভেম হজের (১)। এরপর পালা জশুয়ার। জীবন পাওয়া এই ওপেনারকে ১২ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাসকিন। আমির জাঙ্গু (৩২) ও অভিষিক্ত কেভিন উইকহ্যামের (২৭) চতুর্থ উইকেট জুটি থেকে লাঞ্চ পর্যন্ত এসেছে ৫৯ রান।
ঢাকার মতো সিলেটেও তিন স্পিনারের সঙ্গে দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। শরীফুল ইসলামের জায়গায় দলে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। দলে ফিরেছেন মুশফিকুর রহিমও। অন্যদিকে ক্যারিবিয়ান একাদশেও দুটি পরিবর্তন এসেছে। জন ক্যাম্পবেল ও তেজনারাইন চান্দারপলের জায়গায় একাদশে ফিরেছেন জশুয়া ডা সিলভা। এছাড়া টেস্ট অভিষেক হয়েছে কেভিন উইকহ্যামের।















