যুক্তরাষ্ট্র থেকে ম্যাচ সরানোর দাবিতে অনড় ইরান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ১১:১৪ পিএম
যুক্তরাষ্ট্র থেকে ম্যাচ সরানোর দাবিতে অনড় ইরান

চলমান সংঘাতের প্রভাব এবার পড়েছে ফুটবল বিশ্বকাপেও। আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি। তিনি বলেন, ফিফা যদি তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে না নেয়, তাহলে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সংশয় থেকে যাচ্ছে। 
রোববার  তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে তিনি বলেন, ‘ফিফার কাছে করা ম্যাচ স্থানান্তরের অনুরোধ এখনো বহাল আছে, কিন্তু ফিফা থেকে আমরা এখনো কোনো সাড়া পাইনি। যদি অনুরোধ গ্রহণ করা হয়, তবে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত হবে।’

ফিফার সাড়া না পাওয়া এবং ইরানের বর্তমান অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ম্যাচগুলোতে ইরানের অংশগ্রহণের সম্ভাবনা খুবই কম।’

নির্ধারিত সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা। ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ২২ জুন লস অ্যাঞ্জেলেসে বেলজিয়াম এবং ২৭ জুন সিয়াটলে মিসরের মুখোমুখি হওয়ার কথা। ৪৮ দলের বিশ্বকাপে আয়োজক হিসেবে মেক্সিকো ও কানাডা থাকলেও সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং নিরাপত্তা পরিস্থিতির কারণে বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা ইরান সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

দানিয়ামালি জানান, ইরানের খেলোয়াড়েরা বিশ্বকাপের জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। তবে ‘সংশ্লিষ্ট নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করা হলেই’ কেবল সরকার বিশ্বকাপে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে।
নিরাপত্তা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ট্রাম্প ইরানি দলকে স্বাগত জানালেও তাদের জীবন ও নিরাপত্তার ঝুঁকি নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। ট্রাম্প বলেন, তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করলে সেখানে থাকা তাদের জন্য উপযুক্ত হবে বলে আমি সত্যিই মনে করি না।’

এর পরিপ্রেক্ষিতে ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ জানান, ট্রাম্প যেহেতু নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না, তাই তারা যুক্তরাষ্ট্রে যাবেন না। পরিবর্তে মেক্সিকোতে ম্যাচ আয়োজনের বিকল্প প্রস্তাব নিয়ে তারা ফিফার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
তবে গত বুধবার ইরানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, ‘ড্র অনুযায়ী ম্যাচগুলো যেখানে হওয়ার কথা সেখানেই হবে।’ পৃথক এক বিবৃতিতে মেক্সিকোয় ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ নাকচ করে দিয়ে বলেন, ‘এখানে কোনো প্ল্যান বি, সি বা ডি নেই। প্ল্যান ‘এ’–ই একমাত্র পরিকল্পনা।’ তবে ইরান যেন উপযুক্ত পরিবেশে বিশ্বকাপ খেলতে পারে, তা নিশ্চিতে কাজ করবেন বলে জানান ফিফা সভাপতি।

Link copied!