বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হারের পর রেফারিং নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে আলজেরিয়ান ফুটবল ফেডারেশন (এএফএফ)।
অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
ম্যাচের ৩০তম মিনিটে আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির ডান পায়ে ট্যাকল করেন মেসি। তবে পোলিশ রেফারি সিজমন মারচিনিয়াক ফাউলের বাঁশি বাজালেও মেসিকে কোনো কার্ড দেখাননি।
এই ঘটনাটি ঘটে মেসির প্রথম ও দ্বিতীয় গোলের মাঝখানে। পরে হ্যাটট্রিক পূর্ণ করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
আলজেরিয়ার দাবি, মেসির ওই ট্যাকল ছাড়াও আরো দুটি ঘটনায় তাদের খেলোয়াড়দের কনুই দিয়ে আঘাত করা হলেও রেফারি প্রয়োজনীয় ব্যবস্থা নেননি। বিষয়গুলো নিয়েই ফিফার কাছে অভিযোগ জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
ম্যাচ শেষে আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচও রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, 'সবাই ঘটনাটি দেখেছে।
আমি নিজেও দেখেছি। এর বেশি কিছু বলার নেই।'
তবে অনেকের মতে, ঘটনাটি বিতর্কিত হলেও সরাসরি লাল কার্ড দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। তাদের ভাষ্য, ট্যাকলটি বিপজ্জনক দেখালেও এতে ইচ্ছাকৃত আঘাতের প্রমাণ বা অতিরিক্ত শক্তি প্রয়োগের বিষয়টি স্পষ্ট ছিল না।
তবু ধীরগতির রিপ্লেতে দেখা যায়, মেসির ট্যাকল সরাসরি মান্দির পায়ে লাগে।
তাই অনেকের মতে, ভিএআর রিভিউয়ের জন্য রেফারিকে মনিটরে ডাকা হলে সিদ্ধান্ত ভিন্নও হতে পারত।
মেসির হ্যাটট্রিকে ম্যাচ জিতলেও এই ট্যাকল নিয়ে বিতর্ক এখনো থামেনি। ফিফা অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও বিষয়টি বিশ্বকাপে নতুন আলোচনার জন্ম দিয়েছে।






























