আইসিসির সূচি পরিবর্তনের ধাক্কা এসে লাগল বাংলাদেশের নারী ক্রিকেট দলে। নারী চ্যাম্পিয়নস ট্রফির কারণে আগামী অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে পূর্বনির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে টি-টোয়েন্টি সিরিজ বাতিল হলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে।
২০২৭ সালে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী চ্যাম্পিয়নস ট্রফির সময়সূচিতে পরিবর্তন এনেছে আইসিসি। আগে এটি জুন-জুলাইয়ে হওয়ার কথা থাকলেও, নতুন সূচি অনুযায়ী তা এগিয়ে এনে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে আয়োজন করা হবে। আইসিসির এই হঠাৎ সিদ্ধান্তের কারণেই অস্ট্রেলিয়াকে তাদের পুরো গ্রীষ্মকালীন ঘরোয়া মৌসুমের সূচি নতুন করে সাজাতে হয়েছে।
পূর্ববর্তী সূচি অনুযায়ী, আগামী ৯ থেকে ২২ অক্টোবরের মধ্যে ব্রিসবেন ও সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ নারী দলের। নতুন সূচিতে ওয়ানডে সিরিজটি আগের মতোই থাকলেও টি-টোয়েন্টির অংশটি পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশের বাতিল হওয়া সেই অক্টোবর উইন্ডোতেই এখন নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আগামী ১৮, ২০ ও ২২ অক্টোবর সিডনিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচগুলো।
চ্যাম্পিয়নস ট্রফির সূচি পরিবর্তনের কারণে সবচেয়ে বড় ধকল যাচ্ছে নিউজিল্যান্ড দলের ওপর। এক মৌসুমের মধ্যেই দুইবার অস্ট্রেলিয়া সফরে যেতে রাজি হয়েছে তারা। অক্টোবরের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে তারা দেশে ফিরে যাবে। এরপর শ্রীলঙ্কায় চ্যাম্পিয়নস ট্রফি খেলে আগামী বছরের মার্চে আবারও ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় আসবে কিউই মেয়েরা। আগামী ৬ মার্চ ক্যানবেরায় এবং ৮ ও ১০ মার্চ মেলবোর্নে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার শিডিউলিং ও ক্রিকেট অপারেশনস প্রধান পিটার রোচ বলেন, ‘আইসিসির চ্যাম্পিয়নস ট্রফির সূচি পরিবর্তনের পর আমরা দল এবং সমর্থকদের কথা চিন্তা করে একটি পরিমার্জিত সূচি তৈরি করেছি। আমরা বাংলাদেশ এবং নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে কৃতজ্ঞ যে তারা এই পরিস্থিতিতে আ
মাদের সহযোগিতা করেছে এবং বিষয়টি বুঝতে পেরেছে—বিশেষ করে নিউজিল্যান্ডকে ধন্যবাদ, যারা দুইবার অস্ট্রেলিয়া সফরে আসতে রাজি হয়েছে।’
































