ঢাবিতে মেসিদের খেলা দেখবে আর্জেন্টিনা থেকে আসা প্রতিনিধি দল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০১:১৯ পিএম
ঢাবিতে মেসিদের খেলা দেখবে আর্জেন্টিনা থেকে আসা প্রতিনিধি দল

বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি ভক্তদের উন্মাদনা দেখতে বাংলাদেশে ছুটে এসেছেন দেশটির ভ্রমণ লেখক ও কনটেন্ট নির্মাতা ড্যান লান্দে। সোমবার (২২ জুন) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হলের মাঠে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচ উপভোগ করার কথা রয়েছে লান্দে ও তার টিমের। এ সময় তাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ড্যান লান্দে আর্জেন্টিনার জনপ্রিয় ভ্রমণ লেখক, কনটেন্ট ক্রিয়েটর ও সাংস্কৃতিক দূত। তিনি রুলো নামেও ব্যাপক পরিচিত। গতকাল রবিবার সকালে লান্দে ও তার টিম ঢাকায় আসে। ২৯ জুন পর্যন্ত তাদের বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে।

সফরকালে ড্যান লান্দে ও তার দল বাংলাদেশি সমর্থকদের সঙ্গে বড় পর্দায় আগামী ২২ ও ২৮ জুন আর্জেন্টিনার খেলা দেখবেন। এর মধ্যে আজ রাতে মুহসিন হলের মাঠে উপস্থিত থেকে ডালাসে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার খেলা দেখবেন বলে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদের উপদেষ্টা নাহিদুজ্জামান শিপন বলেন, আমি ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদের উপদেষ্টা হিসেবে তাদের সাথে দেখা করেছি। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলা দেখতে আসতে চাচ্ছেন। তবে এটা নির্ভর করছে আজকের পরিবেশ এবং আবহাওয়ার ওপর। সবকিছু ঠিকঠাক থাকলে মুহসিন হলের মাঠে তারা আর্জেন্টিনার খেলা দেখবেন।

এর আগে রবিবার আর্জেন্টিনার প্রতিনিধি দল ও দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেন নাহিদুজ্জামান শিপন। তিনি জানান, ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা গ্রাউন্ড তৈরি হয়েছিল আর্জেন্টাইন ফ্যানদের। ২০২৬ সালেও একইরকম একটা পরিবেশ ও আবহ তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আর্জেন্টিনার প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে খেলা দেখতে চেয়েছে।

এদিকে আগামী ২৪ জুন দুপুর ২টায় লিওনেল মেসির ৩৯তম জন্মদিন উপলক্ষ্যে রাজু ভাস্কর্যের পাদদেশে ফ্ল্যাশমব আয়োজন করছে ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদ। সেই আয়োজনেও উপস্থিত থাকার কথা রয়েছে আর্জেন্টিনার প্রতিনিধি দলের।

ঢাকার আর্জেন্টিনা দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের ফুটবল সমর্থকদের প্রতি আর্জেন্টিনার মানুষের কৃতজ্ঞতা জানাতে এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করতে তাদের এই বাংলাদেশ সফর। সফরকালে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ফুটবলপ্রেমীদের সঙ্গে সময় কাটানো, বিশ্বকাপ ঘিরে বাংলাদেশিদের উচ্ছ্বাস এবং বাংলাদেশের সামাজিক-সাংস্কৃতিক বাস্তবতা জানার পরিকল্পনা রয়েছে তাদের।

দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড্যান লান্দের সঙ্গে এসেছেন আর্জেন্টিনার সৃজনশীল পেশাজীবী ম্যানুয়েল হাভিয়ের এসকেরা রামোন, মার্তিন দে এসকালাদা, মার্তিনা জয়ে গন্ডেল ও সান্তিয়াগো কন্দে।

সফরসূচি অনুযায়ী, লান্দে ও তার দলের পুরান ঢাকার অলিগলি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, হাজী মুহম্মদ মুহসীন হল, আমিনবাজার এবং মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে যাওয়ার কথা রয়েছে। এসব জায়গায় তারা ফুটবল সমর্থকদের সঙ্গে মতবিনিময় করবেন এবং স্থানীয়দের সঙ্গে সময় কাটাবেন। এছাড়া আগামী ২৪ জুন লিওনেল মেসির জন্মদিন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তাদের।

প্রসঙ্গত, ২০২২ বিশ্বকাপের সময় বাংলাদেশে পরিচিতি পান ড্যান লান্দে। এসময় তিনি বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি আর্জেন্টাইনদের সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালান, যা দুই দেশের মানুষের মধ্যকার সম্পর্ক ও বন্ধুত্বে নতুন মাত্রা যোগ করে।

Link copied!