আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনা এবার ‘জে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি। বাংলাদেশ সময় আজ সোমবার রাত ১১টায় ম্যাচটি শুরু হবে। তার আগে দলের সবচেয়ে বড় তারকাকে লিওনেল মেসিকে শুভকামনা জানালেন স্কালোনি। একদিন পরই মেসির জন্মদিন। আর অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের চেয়ে জন্মদিনের বড় উপহার হতেই পারে না!
মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে পাশে নিয়ে এদিন সংবাদ সম্মেলনে হাজির হন স্কালোনি। রালফ রাংনিকের অস্ট্রিয়ার বিপক্ষে রণকৌশল নিয়ে তিনি বলেন, ‘দল পুরোপুরি প্রস্তুত এবং সবাই খেলার জন্য ফিট আছে। তবে অস্ট্রিয়া খুবই শক্ত প্রতিপক্ষ, ওদের বেশ কিছু ভালো ফুটবলার আছে। ওরা দারুণ প্রেসিং ফুটবল খেলে এবং বাছাইপর্বেও দুর্দান্ত করেছে। নিঃসন্দেহে এটি আমাদের জন্য একটি কঠিন ম্যাচ হতে যাচ্ছে।’
ম্যাচের সবটুকু সময় নিজেদের নিয়ন্ত্রণে রাখা যে সম্ভব নয়, সেটি মেনে নিয়ে স্কালোনি বলেন, ‘বিশ্বকাপের সব ম্যাচই আমরা দেখার চেষ্টা করছি। এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং ফুটবলটা আমরা উপভোগ করছি। মাঠের লড়াইয়ে আপনি সবসময় বল দখলে রেখে আধিপত্য করতে পারবেন না, তবে গুরুত্বপূর্ণ হলো—যখন তেমন পরিস্থিতি আসবে, তখন দল কীভাবে প্রতিক্রিয়া দেখায়। তবে ছেলেরা প্রমাণ করছে যে তারা সবসময় আরও উন্নতি করতে চায়।’
আগামী ২৪ জুন ৩৯ বছরে পা দিতে যাচ্ছেন মহাতারকা লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করা এই ফুটবল জাদুকরকে নিয়ে নিজের আবেগের কথা লুকাতে পারেননি স্কালোনি। মেসির কাছে নিজের চাওয়া প্রসঙ্গে আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমি শুধু চাই লিও যেন সুখে থাকে। এটাই তার জন্য আমার স্বপ্ন এবং আমার মনে হয় এটাই পৃথিবীর সব ফুটবল ভক্ত এটাই চায়।’































