রোনালদোকে পাস দিতে কোনো চাপ নেই, জানালেন তার সতীর্থ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২২, ২০২৬, ১১:৫০ এএম
রোনালদোকে পাস দিতে কোনো চাপ নেই, জানালেন তার সতীর্থ

বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক ড্রয়ের পর পর্তুগালের আক্রমণভাগে ক্রিস্তিয়ানো রোনালদোর ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তবে দলের তরুণ উইঙ্গার ফ্রান্সিসকো কয়েনসিসাও পরিষ্কার জানিয়ে দিয়েছেন, পর্তুগাল দলের খেলোয়াড়রা রোনালদোকে পাস দেওয়ার জন্য কোনো অতিরিক্ত চাপ অনুভব করেন না।


ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে ৪১ বছর বয়সী রোনালদো পুরো সময় খেললেও তেমন প্রভাব রাখতে পারেননি। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, তার কমে যাওয়া গতি ও চলাফেরা কি পর্তুগালের আক্রমণকে সীমিত করে দিচ্ছে?

রোববার সংবাদ সম্মেলনে কনসেইসাও বলেন, ‘আমরা রোনালদোকে বল দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি না। আমি সেই খেলোয়াড়কেই পাস দিই, যাকে সবচেয়ে ভালো অবস্থানে এবং প্রতিপক্ষের নজরদারির বাইরে মনে হয়।’

তিনি আরো বলেন, ‘ক্রিস্তিয়ানো আমাদের দলের আর দশজন সদস্যের মতোই একজন।


দলের সাফল্যের জন্য প্রত্যেকের অবদান প্রয়োজন।’
তবে রোনালদোর গুরুত্ব অস্বীকার করেননি কনসেইসাও। তিনি বলেন, ‘৪১ বছর বয়সেও তার যে ক্ষুধা ও জয়ের মানসিকতা, তা অসাধারণ। নেতৃত্ব এবং গোল করার ক্ষমতার দিক থেকে তিনি সবার জন্য উদাহরণ।


গোল করার ক্ষেত্রে তার মতো আর কেউ নেই।’
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে মঙ্গলবার উজবেকিস্তানের মুখোমুখি হবে পর্তুগাল। প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর জয় ছাড়া অন্য কিছু ভাবছে না দলটি।

কনসেইসাও বলেন, ‘খারাপ ফলের কষ্ট সবচেয়ে বেশি আমরা নিজেরাই অনুভব করি। আমরা জানি প্রথম ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারিনি।


ফল ভালো না হলে চাপ ও সমালোচনা বাড়বে, এটাই স্বাভাবিক। তাই পরের ম্যাচে নিজেদের সামর্থ্য প্রমাণ করে জয় তুলে আনতে চাই।’
গ্রুপ ‘কে’-তে নকআউট পর্বের আশা জিইয়ে রাখতে উজবেকিস্তানের বিপক্ষে জয় এখন পর্তুগালের জন্য প্রায় অপরিহার্য হয়ে উঠেছে।

Link copied!