আর্জেন্টিনা গোল খেতেই আনন্দে মাটিতে লুটিয়ে পড়লেন ব্রাজিল তারকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ১০:৫৯ এএম
আর্জেন্টিনা গোল খেতেই আনন্দে মাটিতে লুটিয়ে পড়লেন ব্রাজিল তারকা

২০২৬ বিশ্বকাপ ফাইনালে ফেররান তোরেসের গোলে আর্জেন্টিনাকে হারায় স্পেন। এ ম্যাচে ব্রাজিলের অনেকেই সমর্থন দিয়েছিলেন স্পেনকে- এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। তার প্রমাণ মিলল ব্রাজিলিয়ান ফুটবলার রিচার্লিসনের উদযাপনে। 


ফেররান তরেসের গোলের পর ব্রাজিলিয়ান ফুটবলার রিচার্লিসনের একটি প্রতিক্রিয়া মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তার এই প্রতিক্রিয়াকে অনেকে আর্জেন্টিনার খেলোয়াড়দের প্রতি খোঁচা হিসেবেই দেখছেন।

ভিডিওতে দেখা যায়, রিচার্লিসন গোলটির পর এমনভাবে উল্লাস করছেন, যেন তিনি নিজেই স্পেনের একজন কট্টর সমর্থক। গোলের পরপরই তিনি নিজের বাড়ির মেঝেতে স্লাইড করেন, ঠিক যেমনটা মাঠে দলের সঙ্গে করে থাকেন।

 

এখানে উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে রিচার্লিসন ব্রাজিলের হয়ে খেলেননি। প্রিমিয়ার লিগে নিয়মিত না খেলার কারণে এবং কোচ কার্লো আনচেলত্তির কৌশলগত সিদ্ধান্তের কারণে তিনি দলে জায়গা পাননি।

রিচার্লিসনের এ উদযাপনের ভিডিওটি প্রায় এক লাখ ২৭ হাজার লাইক, দুই হাজার ২০০-এর বেশি কমেন্ট এবং তিন মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। এ উদযাপনকে আর্জেন্টিনা ও তাদের খেলোয়াড়দের প্রতি একধরনের প্ররোচনা হিসেবেও দেখা হচ্ছে। কারণ আর্জেন্টিনার অনেক খেলোয়াড়ই প্রিমিয়ার লিগেই খেলেন, এমনকি তার দল টটেনহ্যামের অধিনায়কও আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো।

উল্লেখ্য, রিচার্লিসন সবশেষ বিশ্বকাপ খেলেছিলেন ২০২২ কাতার বিশ্বকাপে। সেখানে তিনি একটি দুর্দান্ত গোল করেছিলেন। তবে সেই গোলের পর তার উদযাপন ছিল অনেক শান্ত। তখন তিনি এভাবে মেঝেতে স্লাইড করেননি, যেমনটা তিনি এবার বাড়িতে বসে করলেন। তার এই উদযাপন জানান দিচ্ছে, বিশ্বকাপে নিজের করা গোলের চেয়ে বেশি আনন্দ পেয়েছেন আর্জেন্টিনার হজম করা গোলে! 

Link copied!