বাংলাদেশের উইকেটে স্পিন বোলারদের দাপট থাকে। যেকোনো দলের বিপক্ষে স্পিন বোলাররা ম্যাচের পার্থক্য গড়ে দেন। তবে এবার মিরপুরে সবুজ উইকেট বানানো হয়েছে।
বুধবার (১৪ জুন) মিরপুরে একমাত্র টেস্ট শুরু হবে। এ ম্যাচের উইকেট নিয়ে ভিন্ন পরিকল্পনা করছে বাংলাদেশ দল। এই পরিকল্পনার ব্যাপারে অধিনায়ক লিটন সংবাদ সম্মেলনে কথা বলেছেন।
সোমবার (১২ জুন) সবুজ ঘাসের উইকেটের ব্যাপারে অধিনায়ক লিটন গণমাধ্যমে বলেন, “মিরপুরের উইকেটে বেশিরভাগ সময়ই বল ঘূর্ণি হয়। আমাদের চ্যালেঞ্জ এটাই হবে যে, সবুজ উইকেটে কীভাবে ভালো ব্যাট ও বল করা যায়। এটাই স্বাভাবিক যে, এমন দলের বিপক্ষে এই ধরনের উইকেটে খেলতে হবে। আফগানিস্তানের অধিনায়ক যা বলেছে (তাদের ভালো পেসার আছে) তবে আমাদেরও মানসম্পন্ন পেস বোলার আছে।”
উইকেটে আবহাওয়া ও পরিস্থিতির সঙ্গে মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, “আমরা আকাশের অবস্থা পর্যবেক্ষণ করেছি। সবাই জানে মেঘলা আকাশ ও সবুজ উইকেটে কী সিদ্ধান্ত নিতে হয়। যদি দেখা যায় উইকেটে পেসাররা সুবিধা পাবে, তবে প্রথম থেকেই আমরা আক্রমণ শুরু করব।”
ঢাকা টেস্টে সাকিবের ইনজুরির কারণে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। টেস্টে ১২তম অধিনায়ক হিসেবে অভিষেকে হতে যাচ্ছে তার।































