দীর্ঘ ৩৩ বছর পর নাপোলিকে ইতালির সিরি আ শিরোপা জেতান কোচ লুসিয়ানো স্পালেত্তি। ক্লাব সভাপতি অরেলিও দি লরেন্তিস তার বেতন ২৫ শতাংশ বাড়ানোর ঘোষণাও দেন। আরও জানিয়েছিলেন, স্পালেত্তি নাপোলিতে থাকবেন ২০২৫ সাল পর্যন্ত। কিন্তু কোনো কিছুতেই দীর্ঘ হলো না স্পালেত্তির সঙ্গে ক্লাবের সম্পর্ক। সমস্ত আয়োজন সম্পন্ন সত্ত্বেও টিকলো না সম্পর্ক।
এ নিয়ে কোচ লুসিয়ানোর ভাষ্যে উঠে এসেছে ক্লাব সভাপতির লরেন্তিসের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়ন। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, “সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে কিছু বিষয় মনের ভেতর পরিপক্ব হয়েছে। কারণ, সব সময় এটা নিয়েই পড়ে থাকতে হয়েছে। নাপোলির সমর্থকদের যা প্রাপ্য, সেটা দিতে সবকিছু করতে হয়েছে। এরপরও যদি সভাপতিকে সন্তুষ্ট করতে না পারি, তাহলে বিষয়টি নিয়ে ভেবে দেখাই ঠিক হবে। আমি এটা নিয়ে ভেবেছি, উপসংহারে পৌঁছেছি এবং এই সিদ্ধান্তেই অবিচল আছি। এটা হঠাৎ আকাশ থেকে উড়ে এসে পড়েনি।”
নাপোলি থেকে বিদায় নেওয়ার ঘোষণা সুস্পষ্ট করে এই কোচ আরও বলেন, “নাপোলি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনি প্রতিদিন মানসিকতায় বদল আনতে পারেন না। এটা এমন এক পরিস্থিতি, যার ফন্দি অনেক দিন হলো আঁটা হচ্ছে।”































