আইসিসির নভেম্বর সেরা বাটলার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ১০:৩০ পিএম
আইসিসির নভেম্বর সেরা বাটলার

ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন অধিনায়ক জস বাটলার। ফর্মের তুঙ্গে থাকা এই ব্যাটার নির্বাচিত হয়ে আইসিসির নভেম্বর সেরা ক্রিকেটার। নারী বিভাগে এই পুরষ্কার পেয়েছেন পাকিস্তানি ওপেনার সিদরা আমিন।

ইংল্যান্ডকে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতানো অধিনায়ক জস বাটলার। সাম্প্রতিক সময়ে সীমিত ওভারে ব্যাট হাতে আছে দারুণ ছন্দে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার ব্যাটে ছিল রানের ফোয়ারা।

চলতি বছরের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৩ ও ভারতের বিপক্ষে খেলেছিলেন ৮০ রানের দুইটি দূর্দান্ত ইনিংস। ফাইনালে বড় রান করতে না পারলেও ২৬ রানের কার্যকরী ইনিংস এসেছিল তার ব্যাট থেকে। এতেই শিরোপা জিতেছিল ইংল্যান্ড।

নভেম্বর মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে স্বদেশি আদিল রশিদ ও পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদিকে পেছনে ফেলেছেন তিনি। এদিকে নারী ক্রিকেটে সেরা ক্রিকেটার নির্বাচিত হন সিদরা আমিন।

আইরিশদের বিপক্ষে দুর্দান্ত ছন্দে থাকা সিদরা মাসসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে পেছনে ফেলেছেন আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও থাইল্যান্ডের নাথাকান চান্তমকে। দ্বিতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা হয়েছে সিদরা। এর আগে এই পুরষ্কার জিতেছিলেন মোহাম্মদ রিজওয়ান।

Link copied!