আর্জেন্টিনা-ইংল্যান্ডের বৈরিতা অনেক পুরনো। ফকল্যান্ড যুদ্ধ তাতে যোগ করেছিল অন্য মাত্রা। বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টাইন খেলোয়াড়রাও বোঝালেন ফকল্যান্ড নিয়ে তিক্ততা ভোলেননি তারা।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিজেদের দাবি করে ব্যানারও প্রদর্শন করেছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। ম্যাচের শেষ বাঁশি বাজার পর লিসান্দ্রো মার্তিনেস এবং জিওভানি লো সেলসো মাঠের ভেতর এই ব্যানারটি নিয়ে উদযাপন শুরু করেন। এরপর দলের অন্য সতীর্থরাও যোগ দেন।
ব্যানারটিতে ফকল্যান্ডের বদলে আর্জেন্টাইনদের নিজস্ব ভাষা অনুযায়ী ‘লাস মালভিনাস’ নামটি ব্যবহার করা হয়। ম্যাচ শেষে ব্যানারটি গ্যালারিতে থাকা উল্লাসিত আর্জেন্টাইন সমর্থকদের মাঝেও ছড়িয়ে দেওয়া হয়।
সেমিফাইনালে দুই দলের মুখোমুখি হওয়া নিশ্চিত হওয়ার পর থেকেই আর্জেন্টিনার উপকূল থেকে ৩০০ মাইল দূরে অবস্থিত এই ভূখণ্ড নিয়ে দুদেশের মধ্যে রাজনৈতিক বাগ্যুদ্ধ শুরু হয়েছিল। এমনকি ম্যাচের আগে আর্জেন্টিনার খেলোয়াড়রা ‘মালভিনাসের জন্য’ ইংল্যান্ডকে হারানোর স্লোগানও দিয়েছিলেন।
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী পাবলো কির্নো দাবি করেছিলেন যে, ওই দ্বীপে বসবাসকারী মানুষজনকে সেখানে ‘কৃত্রিমভাবে পুনর্বাসন’ করা হয়েছে এবং ব্রিটিশ সার্বভৌমত্ব নিয়ে সেখানে হওয়া গণভোটটি ছিল অবৈধ।
১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধে ৯০৭ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। তখন থেকেই দ্বীপটি নিজেদের দাবি করে আসছে আর্জেন্টিনা।

































