লিওনেল মেসি এখন খেলেন মেজর লিগ সকারের ইন্টার মায়ামিতে। স্ত্রী-সন্তানদের নিয়ে থাকেন মায়ামিতেই। চেনা পরিবেশে বিশ্বকাপ ম্যাচ খেলার অপেক্ষায় তিনি। কিন্তু এ শহরেই খানিকটা শঙ্কা তৈরি হলো আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ নিয়ে! ম্যাচের আগে মায়ামি শহরে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। রয়েছে বৃষ্টির পূর্বাভাসও।
নকআউটের এই ম্যাচটি হার্ড রক স্টেডিয়ামে হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর, মায়ামিতে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা আছে। সকাল থেকে আকাশ ছিল মেঘাচ্ছন্ন। কখনো ধুসর মেঘে ঢেকে যায় আকাশ, কখনো-বা মেঘ সরে উঁকি মারে সূর্য। আবহাওয়ার পূর্বাভাস বলছে, গরম ও আর্দ্র পরিবেশের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা।
ঝড়ের সঙ্গে বজ্রপাত হলেই ম্যাচে বড় সমস্যা হবে। তখন নিরাপত্তা সতর্কতা জারি করা হবে এবং কাউকে মাঠে থাকতে দেওয়া হবে না। সাময়িকভাবে স্থগিত করতে হবে ম্যাচটি।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিধি অনুযায়ী, স্টেডিয়ামের ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে ম্যাচ অন্তত ৩০ মিনিটের জন্য বন্ধ রাখতে হবে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে খেলোয়াড়-কর্মকর্তা, এমনকি গ্যালারিতে থাকা দর্শকদেরও।
































