ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আসছে একের পর এক মর্মান্তিক ও হৃদয়বিদারক গল্প। তেমনই এক ঘটনা দেশটির ফুটবলার হেক্টর বেলোর স্ত্রী আন্দ্রেয়ার। যিনি নিজের শেষ নিঃশ্বাস দিয়ে কন্যাসন্তানের জীবন বাঁচিয়ে গেছেন।
হেক্টর বেলোর স্ত্রী আন্দ্রেয়ার এই বীরত্ব ও আত্মত্যাগের খবরটি স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে।
ফুটবলার হেক্টর তার ইনস্টাগ্রাম পোস্টে স্ত্রীর প্রতি শোক প্রকাশ করে লিখেছেন, ‘আমি আমাদের সন্তানকে বড় হয়ে সেই গল্প শোনাব, কীভাবে তুমি নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়ে গেছ। শেষ নিঃশ্বাস ত্যাগের মুহূর্তেও তুমি কতটা সাহসী ছিলে, নিজের বুক দিয়ে সন্তানকে আগলে রেখেছ, কিন্তু তাকে কখনো ছেড়ে যাওনি।’
ভূমিকম্পের সময় কারাকাসে ছিলেন না হেক্টর। খবর পেয়েই মেয়ের কাছে হাসপাতালে ছুটে যান। শুক্রবার রাতে পৃথক এক পোস্টে বলেছেন, আমার মেয়ে আর তার খালা (স্ত্রীর বোন) এখন ভালো আছে। আজ তাদের হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না, চিকিৎসকদের পর্যবেক্ষণে তারা ওখানেই থাকবে।
‘আমি মেয়েকে কীভাবে বোঝাব যে তাকে বাঁচাতে গিয়ে তুমি নিজের জীবনটা দিয়ে দিলে, আর আমি সেখানে থেকে তোমার জন্য কিছুই করতে পারলাম না? কীভাবে এই সত্যিটা তাকে বলব? ঈশ্বর আমাকে এই শোক সহ্য করার শক্তি দাও’, অন্য একটি পোস্টে নিজের অসহায়ত্ব প্রকাশ করে স্ত্রীর উদ্দেশ্যে আক্ষেপ করেছিলেন এই ফুটবলার।
স্থানীয় ফুটবল বিষয়ক প্রচার সংস্থা কুমানা দে ক্যাম্পেনেস জানিয়েছে, কুমানার বাসিন্দা ফুটবলার হেক্টর বেলোর স্ত্রীকে ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তাদের কন্যাসন্তানটিকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গত বুধবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের কাছে আঘাত হানা এই শক্তিশালী জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৯২০ জন নিহতের খবর পাওয়া গেছে। ৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনো তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
সূত্র : বিবিসি




































