দেখলাম মেসি আমার দিকেই এগিয়ে আসছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ১২:১১ পিএম
দেখলাম মেসি আমার দিকেই এগিয়ে আসছে

টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক হোয়াকিন ব্রুনোর জীবনে এর চেয়ে সেরা স্মৃতি আর হতে পারে কি?

ম্যাচের তখন ৯৫ মিনিট চলছে। গ্যালারি জুড়ে আর্জেন্টিনার সমর্থকেরা অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলে বিজয়োৎসবের প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই এলো সেই মহিমান্বিত মুহূর্ত। আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি সমর্থকদের উপহার দিলেন আরও একটি দর্শনীয় গোল! তারপরই ঘটল একজন সাংবাদিকের জীবনের সেরা ঘটনাটি।

প্রথমে হুলিয়ান আলভারেজের শট ঠেকিয়ে দেন অস্ট্রিয়ান গোলরক্ষক শ্লাগার। ফিরতি বলে লিওনেল মেসির শটও ব্লক করে অস্ট্রিয়ার রক্ষণভাগ। কিন্তু তৃতীয় প্রচেষ্টায় আর ভুল করলেন না এলএমটেন। বল জড়াল জালে। ঠিক গোলপোস্টের পেছনে মাত্র কয়েক মিটার দূরে দাঁড়িয়ে তখন আনন্দে কাঁপছিলেন আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক হোয়াকিন ব্রুনো।

সতীর্থ গ্যাস্তোন এদুল ততক্ষণে ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকার নিতে মিক্সড জোনে চলে গেছেন, ব্রুনো তখন একদম একা। গোলটা হতেই নিজেকে পেশাদার সাংবাদিকের খোলসে আটকে থাকতে পারলেন না তিনি। সাধারণ একজন আর্জেন্টিনা সমর্থকের মতোই চিৎকার করে উঠলেন পাগলের মতো। এরপর যা ঘটল, সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে গেল চিরদিনের জন্য।

হোয়াকিন ব্রুনোর ভাষায়, ‘আমি তখনো চিৎকার করছি, আর দেখলাম মেসি আমার দিকেই এগিয়ে আসছে! সে আমার দিকে তাকাল এবং আমার সঙ্গে হাই-ফাইভ করল। একজন আর্জেন্টাইন ফুটবল সমর্থক তথা মেসিভক্তের জন্য এই অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব।’

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ব্রুনোর ফোন উপচে পড়তে থাকে ম্যাসেজে। মেসি আর তার সেই উদ্‌যাপনের ছবি ততক্ষণে ছড়িয়ে পড়েছে বিশ্ব জুড়ে। অস্ট্রিয়াকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করার রাতে এই ছবিটাই এখন ব্রুনোর জীবনের সেরা সঞ্চয়।   

Link copied!