নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় জয়ের দেখা বাংলাদেশ দলের। এবার পাকিস্তানের বিপক্ষে ২৩ রানের জয় নিগার সুলতানা জ্যোতিদের। আগে ব্যাট করে ৬ উইকেটে ১২৩ রান করে বাংলাদেশ। জবাবে পাকিস্তান আটকেছে ৮ উইকেটে ১০০ রানে। এই জয়ে বাংলাদেশ গ্রুপ ১ এ তিনে উঠেছে।
ম্যাচের শুরুটা অবশ্য মোটেও ভালো ছিল না বাংলাদেশের জন্য। মাত্র ১৩ রানে হারাতে হয় ৩ উইকেট। ৪৮ রানে পড়ে যায় আরও এক উইকেট। সেখান থেকে নিগার সুলতানা ইনিংস ধরে রাখেন । অপরপ্রান্তে স্বর্ণা আক্তার ইনিংসের শেষদিকে ঝড়ো ব্যাটিং করে বাংলাদেশের রান ১২০ এর কোটা পার করেন।
নিগার ৩৮ বলে ৩৬ রান করেন। ২২ রান করা সোবহানা মোস্তারির সঙ্গে চতুর্থ উইকেটে ৩৫ রানের জুটি গড়েন। দলীয় ৯২ রানে অধিনায়কের ফেরার পর ২২ বলে ৩৯ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন স্বর্ণা।
পাকিস্তানের ইনিংস ধ্বসিয়ে দেন সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তার। দুজনই তিনটি করে উইকেট নেন। ১ উইকেট করে নিয়েছেন রাবেয়া খান ও রিতু মনি। পাকিস্তানের দুই ওপেনার মুনিবা আলি ২৫ ও গুল ফিরোজার ২৩ রান ছাড়া আর কোনো ব্যাটারই বলার মতো স্কোর করতে ব্যর্থ। ৪৯ রানে প্রথম উইকেট হারানোর পর পরের ৫১ রানে ৭ উইকেট হারায় পাকিস্তান।































