মেসির বাবার মৃত্যু নিয়ে গুজব, চাকরি গেল আর্জেন্টাইন সাংবাদিকের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০৪:৫৮ পিএম
মেসির বাবার মৃত্যু নিয়ে গুজব, চাকরি গেল আর্জেন্টাইন সাংবাদিকের

ভুয়া খবর প্রচারের জেরে ২০২৬ বিশ্বকাপ চলাকালেই আর্জেন্টিনার গণমাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। দেশটির জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম লুজু টিভি লাইভ অনুষ্ঠানে ভুলভাবে দাবি করে, আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। পরে খবরটি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হলে চ্যানেলটি অনুষ্ঠানের উপস্থাপক ফ্লোরেনসিয়া পিনিয়া এবং সংশ্লিষ্ট পুরো টিমকে চাকরিচ্যুত করে।

লাইভ সম্প্রচারে উপস্থাপক ফ্লোরেনসিয়া পিনিয়া অনুষ্ঠান থামিয়ে দাবি করেন, হোর্হে মেসি মারা গেছেন এবং বাবার শেষকৃত্যে অংশ নিতে মেসি যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ক্যাম্প ছেড়ে আর্জেন্টিনায় ফিরবেন। খবরটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়।

পরে মেসির পরিবার এক বিবৃতিতে জানায়, হোর্হে মেসি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। একই সঙ্গে পরিবার গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়ানোর ঘটনায় গভীর হতাশা প্রকাশ করে জানায়, হোর্হে মেসির স্বাস্থ্য সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য কেবল পরিবারের সদস্যদের কাছেই রয়েছে। তাই পরিবার বা তাদের আনুষ্ঠানিক সূত্র ছাড়া অন্য কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানানো হয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির পরিবারের কাছে প্রকাশ্যে ক্ষমা চান উপস্থাপক ফ্লোরেনসিয়া পিনিয়া। তবে ভুয়া খবর প্রচারের দায়ে তাঁকে এবং অনুষ্ঠানের পুরো টিমকে বরখাস্ত করেছে লুজু টিভি।

Link copied!