টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬, ১২:১৪ এএম
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীর ওষুধ কারখানার আগুন চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে কেউ হতাহিত হয়নি।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডের ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানা ইউনিট-২-এর একটি ভবনে আগুন লাগে।

আগুন নেভাতে সেখানে ছুটে যায় ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও আগুন নেভানোর কাজে হাতদ লাগান।


দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুনাইদ।

তিনি ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আছে, অর্থাৎ নতুন করে আগুন তৈরি হচ্ছে না।’

তবে আগুন পুরোপুরি নেভাতে আরো সময় লাগবে জানিয়ে তিনি বলেন, ‘ভেতরে আগুনের যে স্ফুলিঙ্গ আছে বা আগুন যেভাবে চাপা অবস্থায় আছে, এটাকে নিয়ন্ত্রণ করতে আরো কিছুটা সময়ের প্রয়োজন হবে।’

অগ্নিকাণ্ডে কারো হতাহতের তথ্য নেই জানিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ‘আমাদের জানা মতে এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি, কেউ আটকা পড়া নেই। তারপরও পুরো উদ্ধার অভিযান শেষ হলে আমরা বলতে পারবো যে কতজন আহত হয়েছে।’

কারখানাটিতে কী করে আগুনের সূত্রপাত হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ব্রিগেডিয়ার জেনারেল জুনাইদ। তিনি বলেন, ‘এখনও আমরা নিশ্চিত নই, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল।’

অগ্নিকাণ্ডে কারখানাটির দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

‘প্রথম যেই ভবন থেকে আগুনের সূত্রপাত হয়েছে, সেই ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য তলাও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে,’ বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।

আগুন নেভাতে বেগ পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘সেখানে পাউডার, ইনজেকশন এবং বিভিন্ন ধরনের ঔষধ তৈরি হতো। সে কারণে স্বাভাবিকভাবেই আমাদের ফাইয়ার সার্ভিসের কর্মীরা যখন ঢুকেছে, তখন সেখানে ছোট-খাটো বিস্ফোরণ ঘটেছে।

‘সেই পরিপ্রেক্ষিতে অনেকের ভেতরে ঢুকে ক্লোরিনের গন্ধে নিশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। আমাদের যে ব্রিথিং এক্সেসরিস আছে, সেগুলো নিয়ে ভেতরে ঢুকে আমাদের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে।’

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!