যান্ত্রিক ত্রুটি নিয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক বিজ্ঞপ্তিতে জানায়, কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলাচলকারী ফ্লাইট বিজি ৪৩৬ আজ বিকেল ৩টা ১০ মিনিটে নিরাপদে অবতরণ করেছে।
বার্তায় আরও জানানো হয়, অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটি সময়সূচিতে কিছুটা বিলম্বিত হয়েছিল। সব যাত্রী ও ক্রু সদস্য কোনো সমস্যা ছাড়াই নিরাপদে পৌঁছাতে পেরেছেন।
বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৪৩৬-এর উড়োজাহাজটির রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই উড্ডয়নের পরপরই ঢাকার টাওয়ারে জরুরি বার্তা পাঠান পাইলট।
জরুরি অবতরণের আগে উড়োজাহাজটির জ্বালানি কমিয়ে ওজন হ্রাস এবং বিমানবন্দরে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করার জন্য পাইলটকে আকাশে চক্কর দিতে হয়।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে কয়েকবার চক্কর দেয়। এ সময় এটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল।
এদিকে জরুরি অবতরণের প্রস্তুতি হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সাময়িকভাবে উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। ঢাকা টাওয়ারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়েটি বন্ধ ছিল। এ সময় সব ধরনের ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ স্থগিত রাখা হয়।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় রানওয়েতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় উদ্ধার ও জরুরি সেবার দল প্রস্তুত রাখা হয়। পরে পাইলট উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান। বিমান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি।
বিজ্ঞপ্তির মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বিলম্বের কারণে যাত্রীদের অসুবিধা হয়েছে তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং যাত্রী নিরাপত্তা ও অপারেশনাল মান বজায় রাখতে তাদের সর্বোচ্চ প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে।




















