নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শোক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নেপালের জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান।
শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘নেপালে ভয়াবহ বন্যায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। আমাদের চিন্তা ও প্রার্থনা প্রিয়জন হারানো সেসব পরিবার ও মানুষের সঙ্গে রয়েছে, যাদের এই অপূরণীয় ক্ষতি বহন করতে হচ্ছে।’
তিনি আরও বলেছেন, প্রকৃতির এই কঠিন বিপর্যয়ে নেপালের পাশে রয়েছে বাংলাদেশ। দুর্যোগের এ সংকটময় মুহূর্তে নেপালকে যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত রয়েছে।
প্রধানমন্ত্রী বন্যায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে গতকাল বুধবার আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দেয়। এতে এ পর্যন্ত ১৬২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নেপাল কর্তৃপক্ষ। এখনো নিখোঁজ রয়েছেন ৫৭৯ জন। তাদের অধিকাংশই বিদেশি পর্যটক।


































