দলের বর্ধিত সভার তারিখ পরিবর্তন করেছে আওয়ামী লীগ। আগামী ৩০ জুলাইয়ের পরিবর্তে ৬ আগস্ট এই সভা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২১ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
বৃহস্পতিবার (২০ জুলাই) দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, রোববার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্যরা, জেলা/মহানগর ও উপজেলা /থানা/পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা, জাতীয় সংসদের দলীয় সদস্যরা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানরা, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়ররা এবং সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।
জেলা/মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সংশ্লিষ্ট জেলা/মহানগর শাখার অধীন উল্লিখিত নেতাদের নামের তালিকা যৌথ স্বাক্ষরে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে। একই সঙ্গে বর্ধিত সভায় সবাইকে সঙ্গে নিয়ে উপস্থিত থাকার জন্য জরুরি সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন ওবায়দুল কাদের।


































