প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজধানীতে পদযাত্রা কর্মসূচি সফল করতে রাজধানীর মগবাজারে জড়ো হচ্ছেন মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে গাবতলী থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শুরু হওয়া পদযাত্রা মগবাজার মোড়ে পৌঁছালে এই পদযাত্রায় যোগ দেবেন দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা। এরপর পুরান ঢাকার রায়েরসাব বাজারে সমাপনী বক্তব্যের মাধ্যমে পদযাত্রাটি শেষ হবে।
মগবাজারে দেখা যায়, দক্ষিণ বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে পদযাত্রায় যোগ দেওয়ার জন্য জড়ো হচ্ছেন। মগবাজারে বিএনপি নেতাদের জন্য ট্রাকে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। মঞ্চে মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমদ রবিন, ইশরাক হোসেন, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষনেতারা উপস্থিত হয়েছেন।
এছাড়াও আরেকটি মঞ্চে গান পরিবেশন করছেন জাসাসের ঢাকা মহানগর দক্ষিণের সদস্যরা।
এদিকে মগবাজার মোড়ে বিএনপির নেতাদের অবস্থান নেওয়ায় যানচলাচলে সাময়িক সমস্যা দেখা দিয়েছে। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
এর আগে, বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর গাবতলী থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি মিরপুর-১ নম্বরের সরকারি বাঙলা কলেজ অতিক্রম করার সময় ছাত্রলীগের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় নেতাকর্মীদের লাঠিসোঁটা নিয়ে কলেজের ভেতরে ঢুকে ঢিল ছোড়াছুড়ি করতে দেখা যায়।


































