আওয়ামী লীগ দৃষ্টি ফেরাতে সব সময় অন্য কিছু করে : ফখরুল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৮, ২০২৩, ০৩:৩৬ পিএম
আওয়ামী লীগ দৃষ্টি ফেরাতে সব সময় অন্য কিছু করে : ফখরুল
ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, “আওয়ামী লীগ ডাইভারশন খুব ভালো জানে। দৃষ্টি ফেরাতে সব সময় অন্য কিছু করে।”

বৃহস্পতিবার (৮ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমির হোসেন আমু ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের উদ্দেশ্য হলো—বিএনপিকে মূল দাবি থেকে মনোযোগ ভিন্ন খাতে নেওয়া। লোডশেডিংয়ে বর্তমানে যে জনদুর্ভোগ, তা ধামাচাপা দিতে তারা এসব বক্তব্য দিচ্ছেন।”

বিএনপির মহাসচিব আরও বলেন, “সীমাহীন লোডশেডিং থেকে এখন দৃষ্টি সরাতে হবে। তাই তারা এখন সংলাপের বক্তব্য সামনে এনেছেন। নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই। পদক্ষেপ নেন, তত্ত্বাবধায়ক সরকার দেন। পরে দেখা যাবে কী করতে হবে।”

মির্জা ফখরুল বলেন,  “বিদ্যুতের জন্য হাজার হাজার টাকা খরচ করছে, এখন কেন এ অবস্থা? সব ক্ষেত্রে এর প্রভাব পড়েছে। টাকাগুলো গেল কোথায়? অর্থনীতিবিদরা বলছেন, সরকারের টাকা নেই, ডলারও নেই। এ জন্য মহাসংকট তৈরি হয়েছে।”

বিএনপির মহাসচিব বলেন, “মানুষ যা চায়, আওয়ামী লীগ তার উল্টো কাজ করে। আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না। ভাষা প্রকাশ, মতপ্রকাশে তারা উগ্র। তারা নিজেরা নিজেরা লড়াই করেন, তাদের কোনো কিছুই গণতান্ত্রিক না। বিএনপি এ ধ্বংসাত্মক মতবাদে বিশ্বাসী না। সবাইকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করতে হবে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!