দেশে দ্রুত করোনার ভ্যাকসিন তৈরি করা হবে। এ লক্ষ্যে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, “এখন পর্যন্ত ১৬ কোটি ভ্যাকসিনের অর্ডার আছে।”
বুধবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্যে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় মন্ত্রী সংসদ সদস্যদের দেওয়া বক্তব্যে উপস্থাপিত বিভিন্ন অভিযোগ ও প্রশ্নেরও উত্তর দেন। এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “আমরা শুধু ভ্যাকসিন আনছি না; প্রধানমন্ত্রী নির্দেশ যত তাড়াতাড়ি সম্ভব দেশে করোনার ভ্যাকসিন তৈরি করার জন্য। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে আড়াই কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। দেড় কোটি মানুষকে ডাবল ডোজ টিকা দেওয়া হয়ে গেছে। চীন থেকে ৬ কোটি ডোজ টিকার নিশ্চয়তা পাওয়ার পর দেখলাম এই টিকা আনতে দুই থেকে তিন হাজার কোটি টাকা দরকার। প্রধানমন্ত্রী বলেছেন, টাকা যত লাগুক, টিকা নিয়ে আনতে হবে। আমরা কোভ্যাক্স থেকে ৫ কোটি টিকা পাব। সব মিলিয়ে ১৬ কোটি ভ্যাকসিনের অর্ডার আছে। ভ্যাকসিন গ্রামগঞ্জ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে।”
মন্ত্রী আরও বলেন, “আমাদের স্বাস্থ্যব্যবস্থার যে উন্নতি হয়েছে; হাসপাতালের সার্ভিস ক্ষমতার যে উন্নতি হয়েছে, সেটা করোনার সময় বোঝা গেছে। কেউ চিকিৎসার জন্য দেশের বাইরে যায়নি, দেশে মানুষ চিকিৎসা নিয়েছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাংলাদেশে উন্নত মানের চিকিৎসা দেওয়া হয়েছে। কোভিড, নন-কোভিড, ডেঙ্গু সব চিকিৎসায় দেশে হয়েছে। আমরা ১২০টি সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করেছি। করোনার চিকিৎসা ভালো হয়েছে বলেই আজ মৃত্যুর সংখ্যা ৩৫-এ নেমেছে। যেখানে আমেরিকায় এখন দেড় হাজার মানুষ করোনায় মারা যাচ্ছে। ভারতেও অনেক মানুষ মারা যাচ্ছে।”
































