২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ১২:১১ এএম
২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন

আগামী বছরের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে ১৫ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছে। তবে এসব ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি থাকায় মোট ছুটি হবে কার্যত ২২ দিন ।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষ্যে ১৫ দিন সাধারণ ছুটি থাকবে। এর মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে পড়েছে। এ ছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষ্যে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। সব মিলিয়ে ২৯ দিনের ছুটির মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় কার্যকর ছুটি থাকবে ২২ দিন।

সরকারি কর্মচারীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য এলাকায় কর্মরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব, যেমন বৈসাবি উদ্‌যাপনে দুদিন ঐচ্ছিক ছুটির বিধান রাখা হয়েছে।

এ ছাড়া সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত বিস্তার নিশ্চিতকরণের উদ্দেশ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’-এর খসড়া ভেটিং-সাপেক্ষে মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন করেছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি আরও বলেছেন, সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি, সম-আচরণ ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি ক্রয়ের মূল আইনি কাঠামো হিসেবে ‘পাবলিক প্রকিউরমেন্ট

(দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া আইনটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন করেছে।

Link copied!