যৌথ বাহিনী-মানবপাচার চক্রের গোলাগুলিতে আহত সেনাসদস্য, উদ্ধার ৫৭ গ্রেপ্তার ৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ১১:০৭ পিএম
যৌথ বাহিনী-মানবপাচার চক্রের গোলাগুলিতে আহত সেনাসদস্য, উদ্ধার ৫৭ গ্রেপ্তার ৩

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে মানবপাচার চক্রের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে আহতে হয়েছেন একজন সেনাসদস্য। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫৭ জনকে।

আজ বৃহস্পতিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফের ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাশের পাহাড়ে যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলি শুরু হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন সদস্যসহ হতাহতের খবর পাওয়া যায়। তবে হতাহতের সংখ্যা কিংবা পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অপহরণ ও মানবপাচারের সঙ্গে জড়িত একটি সশস্ত্র ডাকাত দলের বিরুদ্ধে অভিযান চালাতে যায় পুলিশ, এসআরবি, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। এ সময় পাহাড়ে অবস্থান নেওয়া চক্রের সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর সদস্যদের গোলাগুলি শুরু হয়।
অভিযানে অংশ নেওয়া পুলিশ পরিদর্শক সৈকত মজুমদার জানালেন, ‘পাহাড়ে ৫০ থেকে ৬০ জনকে জিম্মি করে অবস্থান করছে মানবপাচারকারীররা— এমন খবরে অভিযানে যায় যৌথ বাহিনী। এসময় যৌথ বাহিনীর সঙ্গে চক্রের সদস্যদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি গোলাগুলিও হয়। এতে এক সেনাসদস্য গুলিবিদ্ধ হন।’

‘চক্রের সদস্যদের কাছে জি-থ্রি রাইফেল ছিল। সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা পাল্টা গুলি চালিয়েছে। পরে পাহাড় থেকে ৫০ জনের বেশি ভুক্তভোগীকে উদ্ধার করতে সক্ষম হয় যৌথ বাহিনী। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে তিন থেকে চারজনকে’-যোগ করেন সৈকত মজুমদার।

Link copied!