ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট হবে পাঁচ ধাপে। প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি।
আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
ইসি জানায়, দ্বিতীয় ধাপের ভোট হবে ৪ ফেব্রুয়ারি। এরপর তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট হবে ২৭ মে।
এর আগে ইউপি নির্বাচনের সময় ও ধাপ নির্ধারণ নিয়ে বৈঠকে বসে ইসি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এছাড়া বৈঠকে চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।














