দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জাতীয় গ্রিডের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ বুধবার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান জিই ভারনোভার মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়। পরমাণু শক্তি কমিশনের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
চুক্তি অনুযায়ী, রূপপুর কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং উচ্চক্ষমতাসম্পন্ন দুটি উপকেন্দ্রের গুরুত্বপূর্ণ তথ্য ও সংকেত জাতীয় লোড পরিচালনা কেন্দ্রের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থায় সংযুক্ত করা হবে। মোট ৮টি সঞ্চালন লাইনের তথ্য এই ব্যবস্থার আওতায় আসবে।
এ সংযুক্তির ফলে জাতীয় নিয়ন্ত্রণকেন্দ্র থেকেই রূপপুরের বিদ্যুৎ সঞ্চালন কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি রূপপুরের উৎপাদিত বিদ্যুৎ নির্বিঘ্নে জাতীয় গ্রিডে সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি কেন্দ্রটির পরীক্ষামূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিচালনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশের প্রতিটি বিদ্যুৎকেন্দ্রকেই একই পদ্ধতিতে জাতীয় নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়ে থাকে। এই ধারাবাহিকতায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও রূপপুর কেন্দ্রকে জাতীয় ব্যবস্থার সঙ্গে যুক্ত করার বিষয়ে ইতিবাচক মতামত দেওয়া হয়েছে।
বর্তমানে রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি স্থাপনের পরবর্তী ধাপের পরীক্ষামূলক কার্যক্রম চলছে। সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রটির নির্ধারিত সময়সূচি অনুযায়ী কার্যক্রম এগিয়ে নিতে হলে এ সংযুক্তি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা জরুরি।






























