বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে প্রকাশিত শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। এবার বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। সূচকের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর এবং সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান।
যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ সূচকে এসব তথ্য উঠে এসেছে। গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে সূচকটি প্রকাশ করা হয়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করে আগাম ভিসা ছাড়াই বা ভিসামুক্ত সুবিধায় কতটি দেশে ভ্রমণ করা যায়, তার ভিত্তিতেই এই সূচক তৈরি করা হয়েছে। এতে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।
সূচকের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশ ও উত্তর কোরিয়ার পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া বা ভিসামুক্ত সুবিধায় বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন। যদিও গত বছর বাংলাদেশের পাসপোর্টধারীরা এ সুবিধায় ৩৭টি দেশে ভ্রমণ করতে পারতেন।
গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। এর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। এর আগে ২০২০ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৮তম।
পরবর্তী তিন বছর, অর্থাৎ ২০২১, ২০২২ ও ২০২৩ সালে সূচকে বাংলাদেশের অবস্থান ছিল যথাক্রমে ১০৮তম, ১০৩তম এবং ১০১তম।
অন্যদিকে, ২০২৫ সালের সূচকে উত্তর কোরিয়ার অবস্থান ছিল ৯৯তম।































