চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন কবে?


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০২:২৭ পিএম
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন কবে?

বন্যা পরবর্তী পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত রয়েছে। চট্টগ্রাম বোর্ডের অধিনস্ত পাঁচ জেলায় মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষাও স্থগিত আছে।


বন্যা ও পরবর্তী পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও এখনও বোর্ডটির অবশিষ্ট পরীক্ষা পুনরায় কবে শুরু হবে সেবিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। তবে বোর্ডটির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছে শিগগিরই নতুন রুটিন প্রকাশ করা হতে পারে।
গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। একইসঙ্গে মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষাও স্থগিত রয়েছে।


সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, স্থগিত পরীক্ষা নিয়ে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আলোচনা হয়েছে। শিগগির নতুন সূচি প্রকাশ করা হবে।

যদিও এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া রুটিন ছড়িয়ে পড়ে। যা নিয়ে সতর্কও করেছে আন্তঃশিক্ষা বোর্ড।


মঙ্গলবার (২১ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ জুলাই থেকে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে—এমন তথ্য সম্পূর্ণ অসত্য। এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি এবং প্রচারিত বিজ্ঞপ্তির সঙ্গে আন্তঃশিক্ষা বোর্ড বা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কোনো সম্পর্ক নেই।

চট্টগ্রাম বোর্ডের কর্মকর্তারা বলছেন, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব। তারা আন্তঃশিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!