নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১২:৩১ পিএম
নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করতে নির্বাচন কমিশন (ইসি) বিশাল কর্মীবাহিনী মাঠে নামিয়েছে । ভোটের কর্মযজ্ঞ পরিচালনায় সারাদেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনী দায়িত্ব পালন করবেন ।

কমিশনের সর্বশেষ তথ্যমতে, প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন ।

 

নির্বাচন পরিচালনার মূল কাঠামোতে নেতৃত্ব দেবেন ৬৯ জন রিটার্নিং অফিসার এবং তাদের সহযোগিতায় থাকবেন ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার । সারাদেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ।

প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার । সেই হিসাবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন । এছাড়া ভোটকক্ষে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে ।

 

ভোটকেন্দ্রের নিরাপত্তা ও গুরুত্ব বিবেচনায় ইসি কেন্দ্রগুলোকে দুই ভাগে ভাগ করেছে । মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রের মধ্যে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ২১ হাজার ২৭৩টি ।

অন্যদিকে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ২১ হাজার ৫০৬টি কেন্দ্রকে 'গুরুত্বপূর্ণ' বা বিশেষ নজরদারির তালিকায় রাখা হয়েছে । প্রতিটি কেন্দ্রে স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতে এই কর্মকর্তাদের ইতোমধ্যে প্রয়োজনীয় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে ।

 

প্রিজাইডিং অফিসার আইন অনুযায়ী ভোট গ্রহণ কার্য পরিচালনা করবেন এবং ভোটকেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে থাকবেন । সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা প্রিজাইডিং অফিসারকে কর্তব্য পালনে সহায়তা প্রদান করবেন ।

Link copied!