৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৯ জুলাই) ফল প্রকাশ করা হতে পারে।
বুধবার (২৮ জুলাই) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহরাব হোসাইন বলেন, ইতোমধ্যে ৪১ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল তৈরির কাজ শেষ হয়েছে। এ সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে।
পিএসসি গত বছরের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে, চলতি বছরের ১৯ মার্চ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পিএসসি সূত্রে জানা গেছে, বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৩২৩ জন প্রশাসনে, ৬৪২ জনকে সাধারণ ক্যাডারে, ৬১৯ জনকে প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে এবং ৮৯২ জনকে সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।
































