কেরানীগঞ্জের তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৬, ১২:২৯ পিএম
কেরানীগঞ্জের তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক দূরত্বের ব্যবধান পেরিয়ে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে কেরানীগঞ্জের এক তরুণীকে বিয়ে করেছেন চীনা নাগরিক ওয়াং জিয়াওপাং। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে শুভ ইসলাম।

জানা যায়, কনের নাম সানজিদা আক্তার। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের হাজীনগর এলাকার বাসিন্দা তিনি এবং প্রয়াত কবির হোসেনের মেয়ে।

পরিবারের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ শুরু হয়। সময়ের সঙ্গে সেই পরিচয় আস্থা ও ভালোবাসায় রূপ নেয়। একপর্যায়ে একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন তারা।

সে সিদ্ধান্তের ধারাবাহিকতায় বাংলাদেশে এসে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন ওয়াং জিয়াওপাং। পরে গত ২৭ জুলাই দুই পরিবারের সম্মতিতে ইসলামি শরিয়াহ অনুযায়ী সম্পন্ন হয় তাদের বিয়ে।

সানজিদা আক্তার জানিয়েছেন, পরিচয়ের শুরুটা ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। ধীরে ধীরে একে অপরকে জানার সুযোগ তৈরি হয়। পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও বোঝাপড়ার ভিত্তিতেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। বাংলাদেশে এসে ইসলাম গ্রহণের পরই তাদের বিয়ে হয়।

শুভ ইসলাম বলেন, ‘বাংলাদেশে এসে মানুষের আন্তরিকতা, আতিথেয়তা ও পারিবারিক বন্ধনে আমি মুগ্ধ। ইসলাম গ্রহণের সিদ্ধান্ত আমার নিজের। স্ত্রীকে নিয়ে ভালোবাসা ও সম্মানের ভিত্তিতে একটি সুন্দর পরিবার গড়ে তুলতে চাই।’

কনের মা নাসিমা বেগমের ভাষ্য, মেয়ের সুখের কথা ভেবেই বিয়েতে সম্মতি দিয়েছেন তারা। তার বিশ্বাস, পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার মধ্য দিয়ে তাদের নতুন জীবন সুন্দর হবে।

বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর কেরানীগঞ্জ জুড়ে এ দম্পতিকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে। বিদেশি জামাইকে একনজর দেখতে প্রতিদিনই কনের বাড়িতে ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ। অনেকে নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন, আবার কেউ তাদের সঙ্গে ছবি তুলে পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

Link copied!