‘লক আপ সিজন ২’ জিতলেন শ্রেয়া কালরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৬, ১২:০৪ পিএম
‘লক আপ সিজন ২’ জিতলেন শ্রেয়া কালরা

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নেটফ্লিক্সের বহুল চর্চিত রিয়েলিটি শো ‘লক আপ সিজন ২’-এর ট্রফি নিজের নামে করে নিলেন শ্রেয়া কালরা।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। ট্রফির পাশাপাশি এক কোটি রুপির বিশাল নগদ পুরস্কার ঘরে তুলেছেন এই তারকা। রোমাঞ্চে ভরপুর ফাইনাল পর্বটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।

প্রথম থেকেই শক্ত প্রতিযোগী হিসেবে বিবেচিত হলেও শেষপর্যন্ত রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শিবাঙ্গি জোশীকে। ফিনালেতে মঞ্চে অন্যান্য চূড়ান্ত প্রতিযোগী হিসেবে লড়াইয়ে ছিলেন রাম কাপুর, শিল্পা শিন্ডে এবং যোগেশ রাওয়াত।

চূড়ান্ত পর্বের ঠিক আগেই প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয় বরুণ যাদব ও আকাঙ্ক্ষা চামোলাকে। সঞ্চালক রিতেশ দেশমুখের উপস্থিতিতে বাকি প্রতিযোগীদের সর্বসম্মত ভোটে শো থেকে বাদ পড়েন আকাঙ্ক্ষা।

চলতি সিজনে সবচেয়ে বড় চমক ছিল হার্শাদ চোপড়ার বিদায়। শিবাঙ্গি জোশীকে ফাইনালে তোলার সুযোগ করে দিতে নিজের নিশ্চিত ফাইনালিস্টের জায়গা ছেড়ে দিয়ে শো থেকে স্বেচ্ছায় বিদায় নেন তিনি। তবে শোর বাইরে এসে শিবাঙ্গির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে হার্শাদ স্পষ্ট করেন যে, তারা শুধুই ভালো বন্ধু।

অন্যদিকে বিজয়ী হতে না পারলেও শোর একটি বিশেষ টাস্ক জিতে ১০ লাখ রুপি পুরস্কার হিসেবে নিজের ঝুলিতে পুরেছেন যোগেশ রাওয়াত।

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে চলতি ২০২৬ সালের ২৭ জুন শুরু হয়েছিল লক আপের দ্বিতীয় সিজন। প্রথম সিজনে সঞ্চালক হিসেবে বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউতকে দেখা গেলেও, এবার রাজকীয় এই সিজনটি যৌথভাবে সঞ্চালনা করেছেন খ্যাতিমান পরিচালক ফারহা খান ও অভিনেতা রিতেশ দেশমুখ।

Link copied!