বলিউডের বহু প্রতীক্ষিত এবং বিগ বাজেটের প্রজেক্ট নিতেশ তিওয়ারির মেগা সিনেমা ‘রামায়ণ’ সিনেমাতে শ্রী রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় দেখা যাবে ‘কেজিএফ’ খ্যাত তারকা যশকে। তবে সিনেমাটির কাজ চলাকালীনই ফের বড় বিতর্কের মুখে পড়লেন প্রধান অভিনেতা রণবীর কাপুর!
তার একটি পুরনো গরুর মাংস খাওয়ার মন্তব্য টেনে তীব্র আক্রমণ চালিয়েছেন অভিনেত্রী নিকিতা রাওয়াল। এমনকি এই সিনেমার জন্য রণবীর কাপুরকে পুরোপুরি অনুপযুক্ত দাবি করে সিনেমাটি বয়কটের ডাক দিয়েছেন তিনি।
সম্প্রতি বলিউড মাসকটকে দেওয়া এক সাক্ষাৎকারে নিকিতা রাওয়াল বলেছেন, ‘এই চরিত্রটি রণবীর কাপুরের জন্য একেবারেই নয়। উনি একজন জঘন্য ও চরিত্রহীন ব্যক্তি, যিনি প্রকাশ্যে স্বীকার করেছেন যে তিনি গরুর মাংস খান। যিনি এত বড় একটা কথা প্রকাশ্যে বলতে পারেন, তিনি কীভাবে শ্রী রামের মতো মহাকাব্যিক চরিত্রের মর্যাদা বুঝবেন?’
সিনেমাটির নির্মাতাদের ওপর ক্ষোভ ঝেরে নিকিতা আরও প্রশ্ন তোলেন, প্রকাশ্যে এমন মন্তব্য করা একজন অভিনেতাকে রামের চরিত্রে কাস্ট করে কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসে আঘাত হানা হয়েছে। এই বিষয়ে বিভিন্ন ধর্মীয় সংগঠন কেন নিশ্চুপ রয়েছে, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি।
রণবীর কাপুরের কাছ থেকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে নিকিতা বলেছেন, ‘তাকে ক্ষমা চাইতেই হবে। কারণ এটি তার কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটি দেশের কোটি কোটি মানুষের আস্থার বিষয়। এত বড় একটি চরিত্রে অভিনয় করতে গেলে মানুষের আবেগের প্রতি ন্যূনতম সম্মান থাকা উচিত।’
কথা প্রসঙ্গেই শুধু থেমে থাকেননি নিকিতা, সামাজিক যোগাযোগমাধ্যমে রামায়ণ সিনেমা বয়কট করার কথা তুলে ধরে তিনি বলেছেন, ‘যে যাই বলুক, আমি বলবই। যিনি গরুর মাংস খান, তার দ্বারা রাম চরিত্র ফুটিয়ে তোলা সম্ভব নয়। আমি এই সিনেমা বয়কটের হ্যাশট্যাগ ট্রেন্ড চালিয়ে যাব। রণবীর যদি নিজের ভুল বুঝতে পেরে লাখ লাখ মানুষের কাছে ক্ষমা না চান, তবে এই ছবি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
নির্মাতা নিতেশ তিওয়ারির এই বিগ বাজেট সিনেমাটি দুটি পর্বে প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ‘রামায়ণ: পার্ট ১’ চলতি ২০২৬ সালের দিওয়ালিতে মুক্তি পাবে এবং দ্বিতীয় পর্বটি আসবে আগামী ২০২৭ সালের দিওয়ালিতে।
তবে রণবীরকে ঘিরে নতুন করে এই বিতর্ক সিনেমাটির মুক্তিতে কোনো প্রভাব ফেলে কি না, তা-ই এখন দেখার বিষয়।





























