• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

পূজায় চুলের সাজসজ্জা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ০৩:৩৪ পিএম
পূজায় চুলের সাজসজ্জা

পূজা তো দরজায় কড়া নাড়ছে। পোশাক নির্বাচন ইতিমধ্যে হয়ে গেছে অনেকেরই। কিন্তু পূজায় জামাকাপড়ই তো আর শেষ কথা নয়, রয়েছে সাজগোজও। নিজেকে সুন্দর করে তুলতে নারী সব সময় পারদর্শিতার পরিচয় দিয়ে আসছে। পূজার মধ্যে তাই সব সাজের অন্যতম হল চুলের সাজসজ্জা। 

আজকের আয়োজনে আমরা জেনে নেব চুলের স্টাইলের কিছু দারুণ টিপস। শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তি হোক বা জিন্স-টপ আপনাকে লাগবে অনন্যা।

কার্লি হেয়ার

মাথাভর্তি ঝাঁকড়া চুল দেখতে এখন বেশ ভালো লাগে। তবে কাঁধ পর্যন্ত চুলের দৈর্ঘ্য থাকলে মানায় বেশি। যাদের চুল কিছুটা কোঁকড়া এবং ফুলে থাকে তারা সহজেই পূজার দিনে এই ফ্যাশানটাই অনুসরণ করতে পারেন। এমন চুলে হ্যান্ডলুম শাড়ি বা কুর্তি খুব সহজে মানিয়ে যায়। আর সঙ্গে রাখুন অক্সিডাইজের গহনা।

লেয়ার্ড কার্ভস 

আপনার মুখের গঠন যদি গোলাকার হয়ে থাকে, তাহলে লেয়ার কার্ভস আপনার জন্য একদম মানানসই। মুখের চারদিক দিয়ে কার্ভস নামবে। মনে হবে, চুল দিয়ে মুখ ঘেরা রয়েছে। এতে করে আপনার মুখটা ছোট দেখাবে কিছুটা। সালোয়ার কামিজ বা স্লিভলেস পোশাকের সঙ্গে ভালো লাগবে এই হেয়ারস্টাইল। 

লো মেসি বান 

ঘাড়ের ওপর কিছুটা অগোছালো খোঁপাকেই লো মেসি বান বলে। পাড়ার প্যান্ডেলে আড্ডা দেওয়াই হোক বা সবাই মিলে রেস্তোরাঁয় খেতে যাওয়া হোক, সবার মধ্যে আপনাকে দেখাবে শান্ত, স্নিগ্ধ। শাড়ির সঙ্গে এই চুলের সাজ আপনাকে করে তুলবে অনন্যা। হালকা রঙের লিপস্টিকসহ কাঠের বা মাটির গয়না পরেই বেরিয়ে পড়তে পারেন পূজার আনন্দে।

সাইড সুইপ্ট ব্যাঙ্গস 

চুলের এই কাটিং এখন বেশ পরিচিত। যাদের চুল স্ট্রেট এবং সঙ্গে কিছুটা ঢেউ খেলানো তাদের চুলে এই কাটিং খুব ভালো লাগে। যারা জব করেন বা বাইরে কাজে ব্যস্ত থাকেন। তারা পূজার দিনগুলোতে সিল্ক বা জর্জেট শাড়িগুলো সঙ্গে এই হেয়ারস্টাইলে বের হতে পারেন চটজলদি। পিঠের ওপর লম্বা চুল থাকবে। অন্যদিকে থুতনির কাছে থাকবে লেয়ারের কিছু অংশ। খুব সিম্পল গয়নার সঙ্গে মানিয়ে যাবে আপনার পূজার সাজ। 

পিক্সি কাট 

লম্বা চুল একেবারেই পছন্দ নয় আপনার। অথচ শাড়ি পরার লোভও রয়েছে। সে ক্ষেত্রে পিক্সি কাটই আদর্শ। এতে মাথার পেছন ও পাশের দুই অংশের চুল একেবারে ছোট করে কাটা হয়। শুধু সামনের অংশ লম্বা থাকে। চুড়িদার ছাড়া বাকি সব পোশাকের সঙ্গেই ভালো লাগে এই পিক্সি কাট। 

ফিশটেইল ব্রেইড

লম্বা চুলে স্বাচ্ছন্দ্য এবং খুব বেশি এক্সপেরিমেন্ট না করতে চাইলে দিব্যি কাজ চালিয়ে নিতে পারেন এই হেয়ারস্টাইলে। গোড়া থেকে আলগা বিনুনি, একেবারে নিচে পর্যন্ত। চাইলে মাথার মাঝখান থেকেও বিনুনি করা যায়। তবে এটি খাঁটি বাঙালি লুক। জিন্সের সঙ্গে বা ফিউশন কুর্তির সঙ্গেও বিনুনি না করাই ভালো।

ওয়াটারফল ব্রেইড 

চুল খোলা রাখতে চান অথচ চান জট না পড়ুক। তাহলে ওয়াটারফল ব্রেইড করতে পারেন। মাথার দুপাশ থেকে এক গোছা করে চুল নিন। বিনুনি করে পেছনের দিকে নিয়ে যান। একটা ক্লিপ বা কিছু দিয়ে আটকে দিন। নিচের চুল খোলাই থাকবে।

Link copied!