হরমুজ প্রণালিতে আইফোন ও দামি সুগন্ধির বোতল ভাসছে—এমন কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর সেসব ধরতে ইরানিরা উপকূল থেকে ফেলছেন জাল।
এসব ভিডিওতে দেখা যাওয়া পণ্যগুলো সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ জিএফএস প্রাইড থেকে সমুদ্রে পড়ে থাকতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।
গত ১৪ অক্টোবর জাহাজটি ডুবে যায়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সব ভিডিও আসল কি না, তা নিশ্চিত নয়।
বিবিসি জানিয়েছে, ভিডিওগুলোর কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি হয়ে থাকতে পারে।
জিএফএস প্রাইডে আগুন লাগার পর অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। পরে এটি ডুবে যায়। জাহাজটির ২১ জন ক্রুকেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় কেউ আহত হননি।
সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি (এমপিএ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘জিএফএস প্রাইড ক্ষতিগ্রস্ত হয় এবং জাহাজটিতে আগুন লাগে। পরে এটি ডুবে যায়। ২১ জন ক্রুকেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।’
সামুদ্রিক নিরাপত্তা-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জিএফএস প্রাইড একটি ছোট কনটেইনার জাহাজ। এর ধারণক্ষমতা ছিল ২ হাজার ৮২৪ টিইইউ (২০ ফুট সমপরিমাণ কনটেইনার)।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালিতে চলাচলের সময় জাহাজটি নৌমাইনে আঘাত পেয়ে ডুবে যায়। তাদের দাবি, জাহাজটি একটি ‘অননুমোদিত’ পথ ব্যবহার করছিল।
গত ১০ দিনে হরমুজ প্রণালির আশপাশে হামলার ঘটনা বেড়েছে। পৃথক আরেকটি ঘটনায় একটি শুকনো পণ্যবাহী জাহাজও অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ডুবে গেছে।
সূত্র : এনডিটিবি





















