মধ্যপ্রাচ্য ভ্রমণ এড়াতে নাগরিকদের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ১০:৫১ এএম
মধ্যপ্রাচ্য ভ্রমণ এড়াতে নাগরিকদের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে মার্কিন নাগরিকদের ওই অঞ্চলে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।  এক বৈশ্বিক সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল। যে কোনো সময় অপ্রত্যাশিতভাবে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের ওপর নতুন করে হামলা চালানো এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারে হামলার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে।  এ অবস্থায় নাগরিকদের মধ্যপ্রাচ্য ভ্রমণ এড়াতে এমন সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র। 

পাররাষ্ট্র দপ্তরের জারি করা ওই সতর্কবার্তায় বর্তমানে যারা মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন, তাদের সর্বোচ্চ সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য ফ্লাইট বাতিল, সময়ে সময়ে আকাশপথ বন্ধ হয়ে যাওয়া এবং ভ্রমণে বিঘ্ন ঘটার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এ অঞ্চলের কয়েকটি বিমান সংস্থা আগে স্থগিত করা ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা পিছিয়ে দিয়েছে। পাশাপাশি কিছু সংস্থা নির্দিষ্ট কয়েকটি রুটের ফ্লাইটও বাতিল করেছে।

Link copied!