ল্যাটিন আমেরিকান দেশ বলিভিয়ার ভিয়াচা শহরের একটি সামরিক স্থাপনায় দুটি বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।
স্থানীয় সময় শুক্রবার সামরিক স্থাপনাটির বিস্ফোরকসামগ্রী রাখার এলাকায় বিস্ফোরণগুলো ঘটে। ভিয়াচা রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণে আশপাশের ভবনের জানালা ভেঙে যাচ্ছে। ধ্বংসাবশেষ ছিটকে পড়ছে। সামরিক স্থাপনাটি থেকে ঘন কালো ধোঁয়া উঠছে।
ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, নিহতের সংখ্যা ১০ থেকে ১৫ জন হতে পারে। আহত হয়েছেন ৬২ জন।
আহতদের মধ্যে ১৪ জনকে লা পাজের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
সামরিক স্থাপনাটিতে বিস্ফোরক রাখা ছিল। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র রজার রোকা।
তিনি আরও জানিয়েছেন, সাতজন এখনও নিখোঁজ রয়েছেন।
নেব্রাস্কা জানিয়েছেন, ঘটনাস্থলে এখনও বিস্ফোরণে রয়েছে বলে দমকলকর্মীরা সতর্ক করেছেন। আরও বিস্ফোরণের আশঙ্কায় বাসিন্দাদের অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে আশপাশের কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাচ ভেঙে অনেক বেসামরিক মানুষও আহত হয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী আর্নেস্তো জাস্টিনিয়ানো উরেন্দা এক বিবৃতিতে জানিয়েছেন, বিস্ফোরণে আহত প্রায় ৫০ জন বেসামরিক মানুষ ও ছয়জন সামরিক সদস্যকে ভিয়াচার বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থাপনাটিতে বিস্ফোরকসামগ্রী কীভাবে রাখা হয়েছিল এবং এ ঘটনায় কারও দায় আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
সূত্র : আলজাজিরা


























