ছয় মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়া। রয়টার্স জানায়, স্থানীয় সময় মঙ্গলবার বিদ্রোহীরা রাজধানী আদ্দিস আবাবার দিকে অগ্রসর হওয়ার খবরে জরুরি অবস্থা জারি করে সরকার।
উত্তরাঞ্চলীয় টাইগ্রে অঞ্চলে থেকে টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) দেশটির বিস্তীর্ণ এলাকা দখলের পর ক্ষমতা দখলে নেওয়ার হুঁশিয়ারি দেয়। এমন পরিস্থিতিতে জনগণকে আত্মরক্ষার জন্য অস্ত্র হাতে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী আবি আহমেদ।
স্থানীয় বাসিন্দাদের অস্ত্র নিবন্ধন করতে ও প্রতিবেশীদের রক্ষায় প্রস্তুত হতে আহ্বান জানিয়েছে আদ্দিস আবাবার কর্তৃপক্ষ। এছাড়াও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফানা জানায়, সন্ত্রাসী গোষ্ঠী টিপিএলএফের নৃশংসতা থেকে বেসামরিক নাগরিকদের রক্ষায় দেশের বিভিন্ন অংশে জরুরি অবস্থা জারি হয়েছে।
সম্প্রতি টাইগ্রের পার্শ্ববর্তী আমহারা অঞ্চলের কৌশলগত শহর দেসিয়ে ও কোম্বলছা দখলে নেয় টিপিএলএফের বিদ্রোহীরা। যদিও সরকারের দাবি, শহর দুটি নিয়ন্ত্রণে রাখতে সরকারি বাহিনী এখনও লড়াই চালিয়ে যাচ্ছে।




































