যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি শপিং মলে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। এসময় এক পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন চারজন।
স্থানীয় পুলিশ প্রধান রায়ান লি সাংবাদিকদের বলেন, ৯১১ নম্বর থেকে ফোন পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে এক ব্যক্তির সঙ্গে গুলি বিনিময় হয়। এ ঘটনায় এক সন্দেহভাজনকে আহত অবস্থায় আটক করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, বইজি টাউন স্কয়ারে দেড় শতাধিক দোকান ও রেস্তোরাঁ রয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এই হামলা হয়। তবে বইজি পুলিশ প্রধান লি জানান, সাধারণ মানুষের জন্য আর কোনো হুমকি বা হামলার আশঙ্কা নেই।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা ও কঠোর অস্ত্র আইনের অভাবেই এসব হামলা হচ্ছে বলে দাবি করছেন অনেকেই।



































