রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে সাহসিকতা দেখানোর জন্য ইউরোপীয় পার্লামেন্টের শাখারভ মানবাধিকার পুরস্কার পেয়েছেন কারান্তরীণ রুশ বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি।
বিবিসি জানায়, বুধবার (২০ অক্টোবর) নেতা অ্যালেক্সি নাভালনি এই সম্মানে ভূষিত করা হয়েছে।
টুইট পোস্টে ইউরোপীয় পার্লামেন্ট বলছে, “ভ্লাদিমির পুতিন সরকারের দুর্নীতির বিরুদ্ধে নাভালনি অক্লান্ত পরিশ্রম করেছেন। কারাগারে পাঠানোর মধ্য দিয়ে তার স্বাধীনতা হরণ করা হয়েছে। তার জীবন ঝুঁকিতে রয়েছে। তার অসম সাহসিকতার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হচ্ছে।”
ইউরোপীয় পার্লামেন্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। ব্রাসেলসে সংবাদ সম্মেলনে মহাসচিব বলেন, “অ্যালেক্সে নাভালনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এই স্বীকৃতি তার জন্য গুরুত্বপূর্ণ। রাশিয়ায় জোরালো প্রতিবাদ ও গণতান্ত্রিক মূল্যবোধের সমর্থনে তিনি বহু বছর ধরে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখে আসছেন।”
এদিকে এই পুরস্কারকে নিজের জন্য সম্মানের বলে মন্তব্য করেন নাভালনি। রাষ্ট্রীয় এই নেতা বলেন, “এটি শুধু সম্মানই নয়, এক বড় দায়িত্বও। যারা দুর্নীতির বিরুদ্ধে লড়ছে, তাদের একজন আমি। ইউরোপীয় পার্লামেন্টের প্রতি কৃতজ্ঞ, তারা আমাদের কাজকে ব্যাপক প্রশংসা করেছেন। আমরা আমাদের সেরাটা করার চেষ্টা করে যাব।”
পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ৪৫ বছর বয়সী নাভালনি ২০২০ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে প্যারলের শর্ত লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
এদিকে ওই সময় নাভালনিকে বিষপ্রয়োগ করা হয় বলেও অভিযোগ ওঠে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, নাভালনিকে রাশিয়ান নার্ভ এজেন্ট ‘নোভিচক’ দিয়ে মারার চেষ্টা করা হয়।
এরপরই নাভালনিকে বিষপ্রয়োগ করা এবং জেল দেওয়ার জন্য রুশ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
নাভালনিকে দেওয়া পুরস্কারটির পুরো নাম ‘শাখারভ প্রাইজ ফর ফ্রিডম অব থট’। সাবেক সোভিয়েত ইউনিয়নের বিশিষ্ট ভিন্নমতাবলম্বী ও মানবাধিকারকর্মী আন্দ্রেই শাখারভের নামে এই পুরস্কারের নামকরণ করা হয়। যার মূল্য ৫০ হাজার ইউরো। মানবাধিকারের সুরক্ষা ও মুক্তচিন্তায় অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়।
এর আগে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা ও পাকিস্তানি শিক্ষা অধিকারকর্মী শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজায়ী এই পুরস্কার পান।



































