মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গাত্মক চিত্র আঁকা সেই কার্টুনিস্ট নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ১১:৫৯ এএম
মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গাত্মক চিত্র আঁকা সেই কার্টুনিস্ট নিহত

বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গাত্মক চিত্র আঁকা বিতর্কিত সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিল্কস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বিবিসি জানান, স্থানীয় সময় রোববার (৩ অক্টোবর) দক্ষিণ সুইডেনের মার্কারাইড শহরের কাছের সড়কে লার্স ভিল্কস বেসামরিক পুলিশের গাড়ি দিয়ে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। লার্স ভিল্কসসহ দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। এই সময় গুরুতর আহত হয়েছেন ট্রাক ড্রাইভার।

ভিল্কসের বন্ধু স্থানীয় একটি পত্রিকায় তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কীভাবে কার্টুনিস্ট ভিল্কসকে বহনকারী গাড়ি ও ট্রাকের সংঘর্ষ হলো, তা এখনো স্পষ্ট নয়। তবে ধারণা হচ্ছে, সংঘর্ষের ঘটনায় অন্য কেউ জড়িত নেই।

২০০৭ সালে মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গাত্মক কার্টুন আঁকেন লার্স ভিল্কস। বিশ্বনবীর মুখমণ্ডল একটি কুকুরের শরীরে বসিয়ে দেন। বেশ কয়েকটি শীর্ষস্থানীয় সুইডিশ সংবাদপত্র এই ছবি প্রকাশ করে। এরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়েন লার্স ভিল্কস।

সুইডেনের মুসলমানদের বিক্ষোভের পাশাপাশি বিশ্বজুড়ে মুসলিমরা এর প্রতিবাদ জানান। ধর্মপ্রাণ মুসলিমরা মহানবী (সা.)-এর চাক্ষুষ উপস্থাপনাকে ইসলামের অবমাননা হিসেবে গণ্য করেন। ক্ষোভ প্রকাশ করে লার্স ভিল্কসকে মৃত্যুর হুমকিও দেওয়া হয়।

ভিল্কস কার্টুনটি প্রকাশের পর তুমুল ক্ষোভ ও সমালোচনার মুখে পড়েন সুইডেনের তৎকালীন প্রধানমন্ত্রী ফ্রেডরিক রেইনফেল্ট। পরিস্থিতি সামাল দিতে তিনি ২২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসেন।

ওই বৈঠকের পরেই সশস্ত্র সংগঠন আল-কায়েদা ভিল্কসকে হত্যার জন্য এক লাখ মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দেয়।

নিজের প্রাণ বাঁচাতে সেই সময় থেকেই পুলিশি নিরাপত্তায় বসবাস ও চলাফেরা করতেন ৭৫ বছর বয়সী ভিল্কস।

Link copied!