গুলাবের প্রকোপে তিনজনের মৃত্যু, উপকূলে বন্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ০৬:৩৭ পিএম
গুলাবের প্রকোপে তিনজনের মৃত্যু, উপকূলে বন্যা

রবিবার সন্ধ্যায় ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় গুলাব। আবহাওয়া অফিস জানায় স্থলভাগে পৌঁছে গতি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়টি।

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দুই প্রদেশের বিভিন্ন জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপকূলীয় এলাকায় সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা।

হিন্দুস্তান টাইমস জানায়, গুলাবের প্রকোপে এ পর্যন্ত তিনজন প্রাণ হারিয়েছেন। ওড়িশায় বন্যার পানিতে ভেসে গিয়ে একজনের মৃত্য হয়েছে। অন্ধ্রপ্রদেশের মৃত্যু হয়েছে দুই মৎস্যজীবীর। ঝড়ের কারণে ট্রেনের সূচিও পরিবর্তন করতে হয়েছে।

ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে রবিবার অন্ধ্রপ্রদেশের কলিঙ্গাপত্তনম এবং ওড়িশার গোপালপুরের মধ্যবর্তী উপকূলে আঘাত হানে গুলাব। দুই রাজ্যেই সর্বোচ্চ বিপদ সংকেত - রেড ওয়ার্নিং জারি হয়। 

গুলাবের প্রভাবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের ভারী বর্ষণের সতর্কতা জারি আছে। ২৯শে সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি করা থাকছে বিদর্ভ, তেলেঙ্গানা, মারাঠওয়াডা, কংকন, মুম্বাই এবং গুজরাট উপকূলে।

Link copied!