ডেলটা ধরনের প্রকোপে দেশে দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের পর ধীরে ধীরে কমতে শুরু করেছে সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গত সপ্তাহে বৈশ্বিক করোনা সংক্রমণ আশানুরূপ হারে কমেছে।
করোনা পরিস্থিতি নিয়ে সংস্থাটির সাপ্তাহিক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা জানায় গত সপ্তাহে বিশ্বজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ মানুষ। যা এর আগের সপ্তাহের চাইতে অনেকটা কম।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বৈশ্বিক করোনা সংক্রমণ ছিল প্রায় চার লাখের মত। তবে গত সপ্তাহে বিশ্বের প্রায় সব অঞ্চলেই সংক্রমণ কমেছে।
বিবিসি জানায়, গত দুই মাসের মধ্যে বিশ্বে প্রথমবার উল্লেখযোগ্য হারে সংক্রমণ হ্রাস পেল। এর মধ্যে বিশেষ করে দুটি অঞ্চলে সবচেয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে।
মধ্যপ্রাচ্য ২২ শতাংশ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ১৬ শতাংশ কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। আর সবচেয়ে বেশি সংক্রমণ ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, তুরস্ক ও ফিলিপাইনে।
এদিকে গত সপ্তাহে বিশ্বের করোনায় মৃতের সংখ্যা ছিল ৬০ হাজারের কম। অর্থাৎ করোনা সংক্রান্ত রোগে মৃত্যুর হারও কমেছে শতকরা ৭ ভাগ।
অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানায়, ইতিমধ্যে ১৮৫টি দেশে করোনার ডেল্টা ধরন ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে করোনার নতুন ধরন ল্যামডা ও মিউয়ের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। দুটি ধরনই দক্ষিণ আমেরিকার দেশগুলোতে শনাক্ত হলেও এখনো বড় আকারে ছড়ায়নি।



































