যুক্তরাষ্ট্রের টেক্সাসে গাড়ি চাপায় ৮ অভিবাসী নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৩, ১১:২৭ এএম
যুক্তরাষ্ট্রের টেক্সাসে গাড়ি চাপায় ৮ অভিবাসী নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মেক্সিকো সীমান্তের কাছে অভিবাসীদের ভিড়ের মধ্যে গাড়ি দিয়ে ধাক্কার ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। গত রোববার (৭ মে) এ ঘটনা ঘটে। এর আগে শনিবার এই টেক্সাসের অ্যালেন শহরের একটি শপিং মলের বাইরে বন্দুক হামলায় ৮ জন নিহত হয়েছেন।

সোমবার (৮ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, টেক্সাস অঙ্গরাজ্যে গাড়ি চাপার ঘটনায় আহত হন আরও ১০ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

পুলিশ জানিয়েছে, মেক্সিকো সীমান্তবর্তী ব্রাউনসভিল শহরের কাছে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। ব্রাউনসভিল শহরে অভিবাসী ও বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রের কাছের একটি বাস স্টপে দাঁড়িয়ে ছিলেন তারা। তখনই একটি গাড়ি বেপরোয়া গতিতে এসে ধাক্কা দেয়।

ব্রাউনসভিল পুলিশ ডিপার্টমেন্টের তদন্তকারী কর্মকর্তা মার্টিন স্যান্ডোভাল বলেন, “পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই সাতজন মারা যান। এছাড়া কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে নেওয়ার পরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।”

গাড়ির চালককে ইতোমধ্যে আটক করার পাশাপাশি মামলা দেওয়া হয়েছে। তবে ঘটনাটি ইচ্ছাকৃত কিনা তা এখনও স্পষ্ট নন পুলিশ কর্মকর্তা। পুরো বিষয়টি তদন্ত করে জানানো হবে।

ক্যামেরন কাউন্টির বিচারক এডি ট্রেভিনো জুনিয়র বলেছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে একটি রেঞ্জ রোভার অভিবাসীদের ভিড়ের মধ্যে ধাক্কা দেয়। গাড়িটির চালক আহত হয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ফুটেজে দেখা গেছে, একটি গাড়ি বেপরোয়া গতিতে বাস স্টপের দিকে আসছিল। এরপরই তাদের ওপর উঠে যায়। নিহতদের বেশিরভাগই ভেনিজুয়েলার নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তারা ওই বাস স্টপ থেকে যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যে বা শহরে যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন।

ব্রাউনসভিল টেক্সাসের রিও গ্র্যান্ডে উপত্যকার একটি সীমান্ত শহর। যা অবৈধ অভিবাসীদের প্রবেশের জন্য পরিচিত। সাম্প্রতিক সময়ে প্রতিদিন প্রায় দেড় হাজার পর্যন্ত অভিবাসী এ পথে প্রবেশ করছে। সীমান্তে অভিবাসীদের অবৈধ প্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে থাকার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।
এদিকে স্থানীয় সময় শনিবার টেক্সাস অঙ্গরাজ্যের অ্যালেন শহরের একটি শপিং মলের বাইরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বন্দুকধারী একাই হামলা চালায়। এ সময় ৮ জন নিহত হয়। আহত হন আরও কয়েকজন। পরে একজন পুলিশ অফিসার তাকে পাল্টা গুলি চালিয়ে হত্যা করেন।

অ্যালেন ফায়ার বিভাগের প্রধান জন বয়েড একই সংবাদ সম্মেলনে বলেছেন, বন্দুক হামলার পর তার বিভাগ গুলিবিদ্ধ হয়ে আহত কমপক্ষে নয়জনকে এলাকার হাসপাতালগুলোতে নিয়ে গেছে।

Link copied!