ইউক্রেন-রাশিয়ায় সংঘাত অবসানে কাজ করছে ভ্যাটিকান: পোপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১, ২০২৩, ১২:৪৬ পিএম
ইউক্রেন-রাশিয়ায় সংঘাত অবসানে কাজ করছে ভ্যাটিকান: পোপ

পোপ ফ্রান্সিস জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের সংঘাত অবসানে ভ্যাটিকান একটি শান্তি মিশনে রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকার করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এতে বলা হয়, রাশিয়া ও ইউক্রেনের সংঘাত অবসানে ভ্যাটিকান কাজ করছে বলে জানিয়েছেন পোপ।

রোববার (৩০ এপ্রিল) তিনদিনের হাঙ্গেরি সফর শেষে সাংবাদিকদের বলেন, “আমি স্বেচ্ছায় যা করতে হবে সব করতে ইচ্ছুক। সংঘাত অবসানে একটি মিশনে রয়েছি আমরা, তবে এটি এখনও প্রকাশ্য নয়। যখন এটি প্রকাশ করার প্রয়োজন হবে আমি এটি প্রকাশ করব। আমি মনে করি যে শান্তি আলোচনা সবসময় যোগাযোগের মাধ্যমে হয়। যোগাযোগ বন্ধ করে আপনি কখনই শান্তি স্থাপন করতে পারবেন না … এটা সহজ নয়।”

তিনি সাংবাদিকদের জানান, তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং বুদাপেস্টে রাশিয়ান অর্থোডক্স চার্চের প্রতিনিধিত্বকারী বিশপ মেট্রোপলিটন হিলারিয়নের সঙ্গে ইউক্রেনের পরিস্থিতি সম্পর্কে কথা বলেছেন।

এ বিষয়ে তিনি বলেন, “এ সংক্রান্ত সভায় আমরা শুধু লিটল রেড রাইডিং হুড নিয়ে কথা বলিনি। আমরা সব বিষয়ে কথা বলেছি। সবাই শান্তি স্থাপনে আগ্রহী।”

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরুর পর থেকে পোপ ফ্রান্সিস সাপ্তাহিক ভিত্তিতে শান্তি স্থাপনের জন্য অনুরোধ জানিয়েছিলেন। এছাড়া তিনি বারবার কিয়েভ এবং মস্কোর মধ্যে মধ্যস্থতা করতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তার এসব সিদ্ধান্ত এখন পর্যন্ত কোনো সাফল্য আনতে পারেনি।

এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল ভ্যাটিকানে পোপের সঙ্গে দেখা করেন। তিনি পোপকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

৮৬ বছর বয়সী পোপ ফ্রান্সিস এর আগে বলেছেন যে তিনি শান্তি মিশনে কিয়েভ এবং মস্কোতেও যেতে চান।

Link copied!